‘ভারতের হয়ে খেলে ম্যাচ জেতাতে চাই’, স্বপ্নপূরণের অপেক্ষায় বাংলার অধিনায়ক
এক দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক ভাবে রান করেছেন ঈশ্বরন। কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়া তাঁর হাতে নেই। তাই নির্বাচন নিয়ে বেশি না ভেবে নিজের পারফরম্যান্সের দিকেই নজর দিতে চান তিনি। বাংলার হয়ে খেলুন কিংবা অন্য কোনও দলের হয়ে, নিজের সেরাটা দেওয়াই তাঁর লক্ষ্য।
ঈশ্বরন বলেন, ‘আমি যখন বাংলার হয়ে খেলি, কিংবা অন্য কোনও দলের হয়ে বা ক্লাবের হয়ে খেলি, তখন দলের জন্য নিজের সবটা দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয়, আমি যদি সেই মুহূর্তে পুরোপুরি মন দিতে পারি, তা হলে নিজের সেরাটা দিতে পারব।’ জাতীয় দলে সুযোগ পাওয়ার বিষয়ে তাঁর বক্তব্য, ‘নির্বাচন নিয়ে ভেবে কোনও লাভ নেই। আমার মনে হয়, এই বিষয়টা নিজের মতোই এগোবে। আমি যদি ভালো খেলে যেতে পারি, তা হলে কোনও না কোনও সময়ে সুযোগ আসবেই।’
ভারতীয় ক্রিকেটে ওপেনারদের অভাব নেই। ফলে টেস্ট দলে জায়গা পাওয়ার লড়াইও কঠিন। ঈশ্বরন ধারাবাহিক রান করে নির্বাচকদের নজরে এসেছেন ঠিকই, কিন্তু এখনও সেই অপেক্ষার অবসান হয়নি। দীর্ঘ দিন ধরে ধৈর্য ধরে ব্যাটিং করাই তাঁর পরিচয়। বল ছেড়ে দেওয়া, রক্ষণ সামলানো এবং ক্রিজ়ে দীর্ঘ সময় কাটানোর মতো গুণে তিনি পরিচিত। টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব এখন সব ধরনের ক্রিকেটেই পড়ছে। তবু নিজের ব্যাটিংয়ের ধরন পুরোপুরি বদলে ফেলার প্রয়োজন দেখছেন না তিনি।