মা হওয়ার পরে ওজন বৃদ্ধি নিয়ে কটাক্ষের ঝড়, সমালোচনায় মুখ খুললেন ক্যাটরিনা
মা হওয়ার পরে আর পাঁচটা নারীর মতোই বদলে গিয়েছে ক্যাটরিনা কইফের চেহারার গড়নও। তবে তারকা হওয়ার বিড়ম্বনা বোধহয় একেই বলে। কোনও ছাড় নেই তাঁর ক্ষেত্রে। নানা কাটাছেঁড়া চলছে দিনরাত। মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যের সময়ে প্রথম নায়িকার শারীরিক গঠন নিয়ে চর্চা শুরু হয়েছিল। ক্যাটরিনাকে নিয়ে এমন চর্চায় নাম না করে নেটিজ়েনদের খোঁচাও দিয়েছিলেন সলমন। এ বার মুখ খুললেন খোদ ক্যাটরিনা।
অভিনেত্রীর চেহারা নিয়ে সমালোচনার কড়া জবাব দিয়েছেন ইন্ডাস্ট্রির বহু সতীর্থও। তবে সৌন্দর্যের মাপকাঠি দিয়ে কখনওই কাউকে বিচার করা উচিত নয় বলে মনে করেন ক্যাটরিনা। এই ধরনের নেগেটিভ কমেন্টে তাঁর কিছু যায় আসে না। নিজের জীবনদর্শন নিয়ে বরং এগিয়ে যেতে চান তিনি।
ক্যাটরিনার মতে, অচেনা-অজানা ব্যক্তিরা কে কী বলল, সেই সমস্ত মন্তব্যের তুলনায় সময়ের সঙ্গে পরিবর্তনকে মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আত্মবিশ্বাস ও সৌন্দর্য। নিজের বিউটি ব্র্যান্ডের বর্ষপূর্তিতে তাঁর জীবনে সোশাল মিডিয়ার প্রভাব নিয়ে মতপ্রকাশ করেন ক্যটারিনা।
তাঁর কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে, সেটা কখনওই আত্মসম্মান বা মূল্যবোধকে যেন প্রভাবিত না করে। অন্যের মতামত অনুযায়ী চললে, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যাবে। তাই সমালোচনা তো হবেই। কোনও ভয়ে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত নয়।’
সময়ের সঙ্গে সঙ্গে জীবনের অনেক কিছুই বদলে যেতে পারে বলে মনে করেন ক্যাটরিনা। কারণ, কখনও কখনও এমন দিনও আসতে পারে যখন হয়তো নিজেকে খুব সুন্দরী বলে মনে হতে পারে, কখনও আবার ঠিক উল্টোটাও হতে পারে। তবে যে কোনও সময়ে আত্মবিশ্বাসী হওয়াটা সবচেয়ে প্রয়োজন বলে মত অভিনেত্রীর।