ভার্চুয়ালি পুজোর সমন্বয় বৈঠক নিয়ে ক্ষোভ ভাঙড়ে
২০২৪ ও ২০২৫–এ ভাঙড় কলেজে হওয়া সমন্বয় বৈঠকে ভাঙড় ডিভিশনের ৮টি থানার ওসি, এসিপি এবং ডেপুটি কমিশনার ছাড়াও দমকল ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা ছিলেন। ২০০–র বেশি পুজো কমিটির প্রতিনিধিরাও যোগ দেন। যদিও এ বার ছবিটা সম্পূর্ণ ভিন্ন। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর দুটোয় ভার্চুয়াল বৈঠক ডেকেছিসেন ডিসি। প্রতিটি থানা এলাকা থেকে পাঁচটি করে পুজো কমিটির দু’জন করে প্রতিনিধিকে ডাকার সিদ্ধান্ত হয়। তার উপরে আবার ইন্টারনেট বিভ্রাটে বৈঠক সম্পূর্ণই হয়নি বলে সূত্রের দাবি। শতধারা প্রমিলা সঙ্ঘের সভাপতি পাপিয়া চক্রবর্তী বলেন, ‘ডিসি সাহেব ভার্চুয়ালি বৈঠক করবেন বলে থানায় ডাকা হয়েছিল। যদিও ইন্টারনেট বিভ্রাটে শেষ পর্যন্ত বৈঠক হয়নি। সব কাজ ফেলে দীর্ঘক্ষণ থানায় বসে থাকতে হলো।’ খয়েরপুর সৎসঙ্গ অনুশীলন কেন্দ্র পুজো কমিটির কর্তা দিলীপ কর্মকারের অভিযোগ, ‘প্রতি বছর সব পুজো কমিটিকে এক জায়গায় ডাকা হয়। এ বার সেই বৈঠক হলো না। ভার্চুয়াল বৈঠকেও আমাদের ডাকা হয়নি।’