নিজের দলের শেয়ার বিক্রি করছেন সঞ্জীব গোয়েঙ্কা, পাঁচ বছরেই মোহভঙ্গ?
সংবাদমাধ্যম ‘লাইভমিন্ট’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই সম্ভাব্য শেয়ার বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার খোঁজার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিশ্বের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স (Goldman Sachs) এই চুক্তি সংক্রান্ত বিষয়ে প্রধান পরামর্শদাতা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
ব্র্যান্ড ভ্যালু বাড়ায় অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত
RPSG গ্রুপের হিসেব অনুযায়ী, এই নতুন ডিলের ফলে লখনৌ সুপার জায়ান্টসের বর্তমান বাজারদর ১.৫ বিলিয়ন থেকে ২ বিলিয়ন মার্কিন ডলারের ঘরে পৌঁছতে পারে। যদি সেই ভ্যালুয়েশন বজায় থাকে, তবে ১৫ থেকে ২০ শতাংশ শেয়ারের হাতবদলে RPSG গ্রুপের ঘরে আসতে পারে প্রায় ২২৫ মিলিয়ন থেকে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।
২০২১ সালের নভেম্বর মাসে BCCI-এর মেগা নিলামে ৭,০৯০ কোটি টাকার (প্রায় ৮০০ মিলিয়ন ডলার) দর হেঁকে নতুন দল হিসেবে লখনৌ ফ্র্যাঞ্চাইজ়ির মালিকানা নিয়েছিল RPSG। বর্তমানে RPSG স্পোর্টস প্রাইভেট লিমিটেডের মাধ্যমে RPSG ভেঞ্চার্স লিমিটেডের কাছে রয়েছে দলের ৫১ শতাংশ শেয়ার। বাকি ৪৯ শতাংশ শেয়ার রয়েছে কলকাতার নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান রেইনবো ইনভেস্টমেন্টস লিমিটেডের হাতে।