‘তিনটি প্রমাণ দিচ্ছি…’, বাংলার প্রসঙ্গ টেনে SIR নিয়ে প্রতিবাদ, বেঙ্গালুরুতে কী বললেন ধ্রুব রাঠি?
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলনে নেমেছেন বিরোধী দলগুলি। যে যে রাজ্যে SIR চলছে, সেখানেও চলছে আন্দোলন। SIR নিয়ে নানা অসঙ্গতির মাঝেই কর্নাটকে বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে SIR-এর বিরুদ্ধে বড়সড় বিক্ষোভে সামিল হয়েছিল ‘Cockroach Janta Party’ বা CJP-সহ বিভিন্ন নাগরিক সংগঠন। তাতে সামিল হয়েছিল ইউটিউবার ধ্রুব রাঠি, অভিনেতা-সমাজকর্মী প্রকাশ রাজ, ককরোচ জনতা পার্টির সদস্যরা। SIR-এর একাধিক গাফিলতির অভিযোগ তুলে এ দিনের সমাবেশ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি করা হয়।
এক নজরে
-
বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে SIR-বিরোধী বিক্ষোভ।
-
‘পিপলস ট্রাইব্যুনাল’-এ যোগ ধ্রুব রাঠি ও প্রকাশ রাজের।
-
SIR-এ ভোটারদের নাম বাদ পড়া নিয়ে অভিযোগ।
-
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি।
-
SIR প্রক্রিয়া বাতিলের দাবিও উঠেছে।
সভায় ‘ভোটচুরি’ সংক্রান্ত অভিযোগ তুলে তিনটি উদাহরণ তুলে ধরেন ইউটিউবার ধ্রুব রাঠি। তাঁর কথায়, ‘আমি তিনটি প্রমাণ দিচ্ছি। প্রথমত, পশ্চিমবঙ্গের ভোটের আগে এমন ৭০ হাজার ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তাঁরা ভোট দিতে পারেননি। কিন্তু যেই ভোট হয়ে গিয়েছে, তাঁদের ফের ভোটার তালিকায় যুক্ত করা হয়েছে। এটা ভাবা যায়? যোগ্য ভোটার আগে তালিকায় ছিলেন, পরে তালিকায় যুক্ত হলেন, অথচ ভোটটাই দিতে পারলেন না।’ বিহারেও ৬৫ লক্ষ মানুষের নাম বাদ নিয়ে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ তোলেন ধ্রুব। অন্য দিকে, উত্তরপ্রদেশে ১৪ লক্ষ ভোটারের নাম যুক্ত করা হলেও তাঁদের সঠিক তথ্য কমিশন সামনে আনেনি কেন? প্রশ্ন তোলেন এই জনপ্রিয় ইউটিউবার।
Bengaluru on fire!! @dhruv_rathee https://t.co/CqTUNDV2GR
— Abhijeet Dipke (@abhijeet_dipke) October 8, 2026
তাঁর বক্তব্য, ‘আমি কোনও পার্টির হয়ে বলছি না। আপনি যে কোনও পার্টিকে ভোট দিতে পারেন, তবে আপনারও এই বিষয়টি নিয়ে ভাবা উচিত। যাঁরা জ্ঞানেশ কুমারের মতো বিশ্বাসঘাতককে এখনও বাঁচানোর চেষ্টা করছেন, তাঁদের থেকে বড় দেশদ্রোহী কেউ নয়।’
অন্য দিকে, অভিনেতা প্রকাশ রাজও SIR প্রক্রিয়া নিয়ে তীব্র আপত্তি জানান। তাঁর বক্তব্য, ‘বিষয়টি শুধুমাত্র ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এর সঙ্গে সাধারণ মানুষের অধিকার এবং মর্যাদার প্রশ্নও জড়িত।’
এ দিনের সভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল বেঙ্গালুরু পুলিশের তরফে। বিক্ষোভে মহিলা, পড়ুয়া এবং বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। বেঙ্গালুরুর কর্মসূচির পর SIR-বিরোধী আন্দোলন দিল্লিতেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে CJP-র। সংগঠনের পক্ষ থেকে ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আরও একটি প্রতিবাদ কর্মসূচির কথা জানানো হয়েছে।