ChatGPT শিখতে হবে IPS অফিসারদের, ভালো রাখতে হবে শরীর-মনও, তবেই বেতনবৃদ্ধি, নির্দেশিকা শাহের মন্ত্রকের
এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সম্পর্কে অবগত হতে হবে সিনিয়র আইপিএস অফিসারদের। শিখতে হবে চ্যাটজিপিটি-র ব্যবহার। এমনকী শরীর-মন ভালো রাখার কৌশলও তাঁদের জানতে হবে। তবেই বেতনবৃদ্ধি এবং পদোন্নতি সম্ভব। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই বিষয়টি সংক্রান্ত একটি চিঠি দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের পাঠানো হয়েছে। বলা হয়েছে, কেন্দ্রের কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের নির্দেশিকা মেনেই এই বিজ্ঞপ্তি। প্রসঙ্গত, কর্মিবর্গ এবং প্রশিক্ষণ দপ্তর প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) অধীনস্থ। শাহের মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নতুন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়, গল্প বলার কৌশল (আর্ট অফ স্টোরিটেলিং), জেনারেটিভ এআই— এই সব কিছুই শেখা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইগট কর্মযোগী’-তে এই সমস্ত বিষয় সংক্রান্ত কোর্স করতে হবে। শুধু তা-ই নয়, সেখানে আইপিএস অফিসারদের পারফর্ম্যান্সের উপরে ভিত্তি করেই তাঁদের বার্ষিক মূল্যায়ন রিপোর্ট তৈরি হবে।