রোজ যদি চিকেন, মাটন খেতে ইচ্ছে না করে, পুজোয় একদিন রেঁধে ফেলতে পারেন ডিমের এই পদ - 24 Ghanta Bangla News
Home

রোজ যদি চিকেন, মাটন খেতে ইচ্ছে না করে, পুজোয় একদিন রেঁধে ফেলতে পারেন ডিমের এই পদ

Spread the love

পুজো-আচ্ছার দিনে বেশির ভাগ সময় বাইরে থেকেই খাবার আনানো হয়। অনেকে আবার রেস্তোরাঁয় গিয়ে খাবার খেতেও পছন্দ করেন। তবে অর্ডারের সিংহভাগ জুড়েই থাকে মাছ আর মাংস। পুজোর কটাদিন যদি চিকেন, মাটন খেতে খেতে যদি একঘেয়ে লাগে, সে ক্ষেত্রে চটজলদি বাড়িতে রেঁধে ফেলতে পারেন ডিমের এই বিশেষ পদটি। সাধারণ ডিমের কারিকে একধাক্কায় অসাধারণ করে তুলতে দক্ষিণ ভারতীয় স্টাইলে বানিয়ে ফেলুন এগ ঘি রোস্ট। সেদ্ধ ডিম, গাওয়া ঘি, কারিপাতা, রসুন এবং সাধারণ কিছু গুঁড়ো মশলার মেলবন্ধনে তৈরি এই পদটি রুটি, পরোটা বা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।

উপকরণ

  1. সেদ্ধ ডিম: ৫-৬ টি

  2. গাওয়া ঘি: ২ টেবিল চামচ

  3. পেঁয়াজ: ১ টি

  4. রসুন: ৭-৮ কোয়া

  5. কাঁচালঙ্কা: ১ টি

  6. কারিপাতা: ৮-১০টি

  7. সর্ষে: ১ চা-চামচ

  8. ধনে গুঁড়ো: ১ চা-চামচ

  9. হলুদ গুঁড়ো: ১/২ চা-চামচ

  10. গরমমশলা গুঁড়ো: ১ চা-চামচ

  11. ধনেপাতা কুচি: ১ টেবিল চামচ

  12. নুন: স্বাদমতো

রন্ধনপ্রণালী

প্রথমে কড়াইতে ঘি মাঝারি আঁচে গরম করুন। সেদ্ধ ডিমের গা হালকা করে চিরে নিন, যাতে মশলা ভিতরে ঢোকে। হালকা সোনালী রং না হওয়া পর্যন্ত ঘিয়ে ডিমগুলো ভাজুন। এর পরে ডিমগুলো তুলে আলাদা পাত্রে রেখে দিন।

এ বার ওই কড়াইতে সর্ষে ও কারিপাতা ফোড়ন দিন। সর্ষে ফুটতে শুরু করলে চেরা কাঁচালঙ্কা, কুচনো পেঁয়াজ এবং রসুন দিয়ে দিন। পেঁয়াজ ও রসুন নরম হয়ে হালকা সোনালী রঙ না ধরা পর্যন্ত ভালো করে সাঁতলে নিন।

কড়াইতে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরমমশলা গুঁড়ো এবং নুন দিয়ে মাঝারি আঁচে ভালো ভাবে নাড়াচাড়া করতে থাকুন। খেয়াল রাখতে হবে যাতে মশলা পুড়ে না যায়। এর পর জল ঢেলে মাঝারি আঁচে ফুটিয়ে ঝোল ঘন করে নিন।

আগে থেকে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো সাবধানে কষানো মশলার কড়াইতে দিয়ে দিন। ভালো ভাবে নাড়াচাড়া করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন ‘এগ ঘি রোস্ট’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *