‘ফ্লাইদুবাই’ বিমান হামলায় স্মিত মচ্ছরের ‘ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার’, কতটা ভয়ের এই আঘাত?
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাই (flydubai)-এর এক বিমানে কো-পাইলটের নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। মাথায় একের পর এক আঘাতের পর তাঁর দৃষ্টিশক্তি সাময়িক ভাবে ঝাপসা হয়ে গিয়েছিল। বর্তমানে তিনি ‘ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার’-সহ একাধিক জটিল শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই চিকিৎসামহলে মাথার এই বিশেষ ধরণের আঘাত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ স্কাল ফ্র্যাকচারের সঙ্গে এর পার্থক্য কোথায় এবং এটি ব্রেনের কতটা ক্ষতি করতে পারে? তা নিয়েই আলোচনা করেছেন চিকিৎসকরা।
ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচার কী?
সাধারণ স্কাল ফ্র্যাকচারে মাথার খুলিতে ফাটল ধরে কিন্তু হাড় নিজের জায়গায় স্থির থাকে। তবে ডিপ্রেসড স্কাল ফ্র্যাকচারের ক্ষেত্রে প্রচণ্ড আঘাতের ফলে খুলির হাড়ে ফাটল ধরার পাশাপাশি হাড়ের এক বা একাধিক ভাঙা অংশ ভিতরের দিকে বসে যায়। চিকিৎসকরদের মতে, এই আঘাতে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হলো এই ভিতরের দিকে দেবে যাওয়া হাড়ের অংশটি সরাসরি মস্তিষ্কের সুরক্ষাকবচ বা ডিউরা এবং ব্রেন টিস্যু বা সেরিব্রাল কর্টেক্সে সরাসরি চাপ ও আঘাত সৃষ্টি করে।
এই আঘাতের ঝুঁকি:
-
ব্রেন কন্টিউশন ও রক্তপাত: আঘাতের থেকে মস্তিষ্কের টিস্যু তছনছ হয়ে যেতে পারে। খুলির ভিতরে রক্তপাত শুরু হতে পারে।
-
সংক্রমণের ঝুঁকি: যদি স্কাল ফ্র্যাকচারের সঙ্গে সঙ্গে মাথার ত্বক কেটে বা ফেটে যায়, তবে বাইরে থেকে জীবাণু প্রবেশ করে মস্তিষ্কে ইনফেকশন ছড়াতে পারে।
-
দৃষ্টিশক্তি ও স্নায়বিক সমস্যা: ব্রেনের দৃষ্টিনিয়ন্ত্রক অঞ্চল বা স্নায়ুতে আঘাত লাগার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, কথা বলতে সমস্যা হওয়া বা শরীরের কোনও অঙ্গ অসাড় হওয়ার ঝুঁকিও তৈরি হয়।
সিটি স্ক্যান ও নিউরোসার্জারি কেন জরুরি?
বাইরে থেকে দেখে মাথার ভিতরের আঘাতের মাত্রা পরিমাপ করা অসম্ভব। তাই চিকিৎসকরা জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। হাড়টি মস্তিষ্কের কতখানি গভীরে দেবে গিয়েছে এবং কোথায় চাপ দিচ্ছে তা নির্ণয় করতে। এবং ব্রেনের ভিতরে কোনও হেমাটোমা (রক্ত জমাট বেঁধে থাকা), অতিরিক্ত জল জমা (Cerebrospinal Fluid) ফ্লুইড লিক হচ্ছে কি না তা দেখতে।
অস্ত্রোপচার কি সব ক্ষেত্রে বাধ্যতামূলক?
চিকিৎসকদের মতে, এটি আঘাতের গভীরতা এবং রোগীর নিউরোলজিক্যাল পরিস্থিতির উপর নির্ভর করে। হাড় সামান্য দেবে গেলে অনেক সময় চিকিৎসায় সেরে ওঠে। তবে হাড় বেশি দেবে গেলে, মাথায় রক্ত জমাট বাঁধলে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড জমা হলে বা ব্রেনে সরাসরি সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার প্রয়োজন হয়।