বাগানে নেই ম্যাকলারেন, এডমুন্ডে আস্থা আবাসের - 24 Ghanta Bangla News
Home

বাগানে নেই ম্যাকলারেন, এডমুন্ডে আস্থা আবাসের

Spread the love

এই সময়: মঙ্গলবার রাতে কলকাতার দুই প্রধানের কোচ আবাস ও পানোস নিশ্চয়ই নজর রেখেছিলেন যুবভারতীতে ভারত-উরুগুয়ে ম্যাচের দিকে।

কারণ এই ম্যাচে তাঁদের টিমের কোনও ফুটবলার চোট পেলে কাল বৃহস্পতিবার শিল্ডের ফাইনালে চাপে পড়ে যেতে হবে তাঁদের। দুই প্রধানের ১০ জন ফুটবলার রয়েছেন ভারতীয় টিমে। মোহনবাগানের ৬ জন। ইস্টবেঙ্গলের চার জন।

শিল্ড ফাইনালে ডার্বি। যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধে সোয়া ছ’টায়। এটা চলতি মরশুমে চতুর্থবার ইস্টবেঙ্গল-মোহনবাগান মুখোমুখি হচ্ছে। ডুরান্ডের গ্রুপ লিগের খেলায় জিতেছিল মোহনবাগান। কিন্তু ফাইনালে দুরন্ত ফুটবল খেলে ইস্টবেঙ্গল বিধ্বস্ত করেছিল চিরপ্রতিদ্বন্দ্বীকে। আবার কলকাতা লিগের স্বদেশি ডার্বিতে একঝাঁক জুনিয়র নিয়েও ইস্টবেঙ্গল আটকে দিয়েছিল তারকা সমৃদ্ধ মোহনবাগানকে।

কাল শিল্ড ডার্বিতে দুই প্রধানই নিজেদের সেরা টিম নিয়ে নামবে। জাতীয় টিমের ফুটবলাররা ক্লাব টিমে যোগ দিচ্ছেন আজই। তবে কে কতটা খেলার জায়গায় আছেন, তা টিমে যোগ না দেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না কোচেরা।

মোহনবাগান অবশ্যই একটু চাপে। কারণ তাদের এক নম্বর স্ট্রাইকার জেমি ম্যাকলারেন চোটের জন্য এই ম্যাচে নেই। হাঁটুর চোটে খেলতে পারবেন না আশিস রাইও। তবে জাতীয় টিমের ৬ ফুটবলার ফিরলে, পানোসের টিম তৈরি করতে সমস্যা হবে না। ম্যাকলারেন না খেললেও বাগানে গোল করার জন্য অবশ্য লি এরউইন আছেন। শিল্ডের আগের ম্যাচে এই স্কটিশ তারকা স্ট্রাইকার সুলভ ঝলক দেখিয়েছেন। একটা গোলও করেছিলেন। তবে বাগানের মূল সমস্যা গোল করানোর লোক নেই। তাই মিগুয়েলের ফর্মে ফেরার প্রতীক্ষায় সবুজ মেরুন বাহিনী।

ইস্টবেঙ্গল সেমিফাইনালে নর্থইস্টের মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে সাত গোল করেছে। তা নিয়ে টিমের আত্মবিশ্বাস তুঙ্গে। ডেভিড হ্যাটট্রিক পেয়েছেন। কিন্তু কোচ আবাস তাকিয়ে আছেন জাতীয় শিবির থেকে আনোয়ার-এডমুন্ডদের ফেরার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *