দুর্গাপুজোয় পদ্মের জোগান দেবে মালদা - 24 Ghanta Bangla News
Home

দুর্গাপুজোয় পদ্মের জোগান দেবে মালদা

Spread the love

এই সময়, মালদা: মা দুর্গাকে ১০৮টি পদ্ম নিবেদন করার রীতি রয়েছে। মালদা জেলায় এ বার দুর্গাপুজোর সংখ্যা প্রায় দেড় হাজার। ফলে দেড় লক্ষের বেশি পদ্মের প্রয়োজন। অন্যবার ঘাটতি থাকলেও এ বার পদ্ম জোগানে তৎপর হয়েছেন মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।

ইতিমধ্যে ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকায় একটি কোল্ড স্টোরেজে শুরু হয়েছে পদ্ম সংরক্ষণের কাজ। নেতৃত্বে রয়েছেন এই সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা-সহ বেশ কিছু পদ্ম ব্যবসায়ী। এখনও পর্যন্ত ওই হিমঘরে প্রায় পাঁচ লক্ষ পদ্ম সংরক্ষণ করা হয়েছে।

মহালয়ার মধ্যে আরও দশ লক্ষ পদ্ম রাখা হবে হিমঘরে। সেখান থেকেই মালদা জেলা ছাড়াও অসম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ও বিহারে পদ্ম সরবরাহ করবেন ফুল ব্যবসায়ীরা। উজ্জ্বল বলেন, ‘মালদা জেলার ছোট-বড় পুজো মণ্ডপে এখান থেকেই পদ্ম সরবরাহ করা হয়। জেলার বাইরেও বিভিন্ন পুজো কমিটির কাছে পদ্ম পাঠানো হয়। এ বছর দুর্গাপুজোর সংখ্যা ও চাহিদা দুটোই বেড়েছে।

ফলে অন্য বছরের তুলনায় এ বার বেশি পরিমাণ পদ্ম হিমঘরে রাখা হবে। মালদার বাইরে মুশিদাবাদ, বর্ধমান ও বীরভূম থেকে পদ্ম আমদানি করা হয়েছে। ফলে চাষি ও ফুল ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।’

পদ্মচাষিদের বক্তব্য, সপ্তাহ খানেক আগে থেকে জলাশয় ও ঝিল থেকে পদ্ম সংগ্রহ শুরু হয়েছে। পুজোর চার দিন যাতে জোগানে ঘাটতি না হয়, সেই লক্ষ্যে আগে থেকেই পদ্ম সংগ্রহ করে হিমঘরে সংরক্ষণ করা হচ্ছে। মালদার এই হিমঘর থেকেই জেলার পাশাপাশি ভিন রাজ্যে পৌঁছে যাবে পদ্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *