India vs Uruguay Scorecard: নুনেজদের গোল উপহার, উরুগুয়ের বিরুদ্ধে বৃষ্টিভেজা মাঠে পা হড়কাল ভারত! | Uruguay Thrashes India by Scoring 6 goals in Saltlake Stadium, Kolkata
উরুগুয়ে – ৬ (নুনেজ, আরাউহো ২, জালাজার, সানাব্রিয়া, আগুইরে) : ভারত – ১ (থাপা)
কলকাতা : আজকের ম্যাচ যত জলদি সম্ভব ভুলতে চাইবেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং, তত মঙ্গল। ব্রাজিলের বিরুদ্ধে তাও তিনি ৩ গোল খাবার পর তাঁকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন কোচ খালিদ জামিল। আজ ৫ খানা খেলেন, যার মধ্যে ৩ খানায় ডিফেন্সের ভুলে। ফলে, ৩টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে একটি ম্যাচেও জিতল না ভারত। পানামার বিরুদ্ধে ড্র, ব্রাজিলের বিরুদ্ধে ৪-০ হারের পর এবার উরুগুয়ের কাছেও ৬-১ গোলে হারল ভারত।
আজকের ম্যাচে শুরু থেকেই চমক দিয়েছিলেন ভারত কোচ খালিদ জামিল। বিজয় ভার্গিস ও সাহালের বদলে দলে সুযোগ পেয়েছিলেন পরমবীর ও এডমুন্ড। উল্টো দিকে, উরুগুয়ে দলে ছিলেন ৬ জন বিশ্বকাপার। শুরু থেকেই আক্রমণ শুরু করে ভারত। একের পর এক আক্রমণ শানাতে থাকেন রায়ান উইলিয়ামস, আকাশ মিশ্ররা। কিন্তু ১০ মিনিটের মাথায় প্রথম গোল খায় ভারত। বক্সের মধ্যে ফেডেরিকো ভিনাসকে বক্সে ফেলে দেন পরমবীর। সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন রেফারি। গোল করতে ভুল করেননি লিভারপুলের তারকা ফুটবলার ডারউইন নুনেজ। এর কিছুক্ষনের মধ্যেই আরাউহোর শট পোস্টে লাগে। তারপর থেকেই আবার তেড়েফুঁড়ে ওঠে ভারত। একের পর এক আক্রমণ শানাতে থাকেন এডমুন্ডরা। ২৩ মিনিটের মাথায় গোল করলেন অনিরুদ্ধ থাপা। উরুগুয়ে গোলের দিকে জোরালো শট মারেন রায়ান উইলিয়ামস। উরুগুয়ের কিপার কার্দোজো সেই শট আটকে দিলে রিবাউন্ডে গোল করে যান অনিরুদ্ধ। এর পরেই প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় ফলে ৩৫ মিনিট বন্ধ থাকে ম্যাচ। খেলা শুরু হতেই আবার গোল করে উরুগুয়ে। নান্দেজের বাড়ানো বল থেকে গোল করে যান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। প্রথমার্ধে ১-২ পিছিয়ে শেষ করে ভারত।
(বিস্তারিত আসছে…)