সব ফর্ম্যাটের নেতৃত্ব ছাড়লেন হরমনপ্রীত! ভারতীয় মহিলা ক্রিকেটের ব্যাটন এবার স্মৃতির হাতে? - 24 Ghanta Bangla News
Home

সব ফর্ম্যাটের নেতৃত্ব ছাড়লেন হরমনপ্রীত! ভারতীয় মহিলা ক্রিকেটের ব্যাটন এবার স্মৃতির হাতে?

Spread the love

নয়াদিল্লি: এশিয়ান গেমসে দেশকে স্বর্ণপদক এনে দেওয়ার ঠিক পরেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন অভিজ্ঞ ব্যাটার তথা দলের সফলতম অধিনায়ক হরমনপ্রীত…

নয়াদিল্লি: এশিয়ান গেমসে দেশকে স্বর্ণপদক এনে দেওয়ার ঠিক পরেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন অভিজ্ঞ ব্যাটার তথা দলের সফলতম অধিনায়ক হরমনপ্রীত কৌর। মঙ্গলবার (৬ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি সব ফর্ম্যাটের (টেস্ট, ওয়ানডে ও টি-২০) নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি খেলা চালিয়ে যাবেন এবং দলটির সঙ্গেই যুক্ত থাকবেন।

২০১২ সালে প্রথমবার অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দলের দায়িত্ব নেন হরমনপ্রীত। এরপর ২০১৬ সালে তিনি পাকাপাকিভাবে ভারতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হন এবং দীর্ঘ এক দশক ধরে সফলভাবে দলকে নেতৃত্ব দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেটে এক সোনালী যুগের সূচনা করেন। তাঁর নেতৃত্বে ভারত ৫টি টেস্ট, ৫১টি ওয়ানডে এবং ১৫৫টি টি-২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে উইমেনস টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাধিক ৯২টি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ঘরের মাঠে ২০২৫ সালের ওয়ানডে বিশ্বকাপ জয় এবং লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয় তাঁর অধিনায়কত্বকালের অন্যতম সেরা মাইলফলক।

সম্প্রতি গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা এবং কোচ আমোল মুজুমদারের উপস্থিতিতে দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক বৈঠক হয়। গুয়াহাটি বৈঠকের পরেই এই বড় সিদ্ধান্ত সামনে এল। শোনা যাচ্ছে, হরমনপ্রীতের উত্তরসূরি হিসেবে তিন ফর্ম্যাটেই দলের নতুন অধিনায়ক হতে চলেছেন সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা।

কী বললেন হরমনপ্রীত?

ইনস্টাগ্রাম পোস্টে হরমনপ্রীত লিখেছেন, “আজ আমি সব ফর্ম্যাট থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। এই যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু স্মৃতি, আবেগ এবং ত্যাগ। দলকেই সবসময় সবার আগে রেখেছি। আমি আমার যথস্বর্বস্ব দিয়েছি। আজ শান্ত মন নিয়ে অধিনায়কত্ব ছাড়ছি, কারণ আমি বিশ্বাস করি দল এখন খুব ভালো জায়গায় রয়েছে। ক্যাপ্টেনশিপ শেষ হলেও ভারতীয় ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কোনোদিন কমবে না।”

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *