সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রাম ভোট পড়ল ২১ শতাংশ, পিছিয়ে রেজিনগর
কলকাতা/রেজিনগর: রাজ্যজুড়ে উপনির্বাচনের সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ও উত্তেজনার ছবি সামনে এল। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে…
কলকাতা/রেজিনগর: রাজ্যজুড়ে উপনির্বাচনের সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি ও উত্তেজনার ছবি সামনে এল। নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ২১ শতাংশ এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে ১৮ শতাংশ ভোট পড়েছে। তবে ভোটের শুরুতেই দুই কেন্দ্রেই চরম উত্তেজনা, প্রার্থীর গ্রেপ্তার এবং প্রার্থীর এজেন্টের ওপর হামলার মতো গুরুতর ঘটনা ঘটেছে।
ভোটগ্রহণ শুরুর ঠিক প্রাক্কালেই রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত হয়ে ওঠে রেজিনগর। নির্বাচনী বিধিভঙ্গ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে রেজিনগর থানার পুলিশ। বেলডাঙার এসডিপিও আনন্দজিৎ হোড় জানান, আইন লঙ্ঘন এবং প্ররোচনামূলক আচরণের জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে নিজের বুথে ভোট দিয়ে বেরিয়েই দলের এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগে সোচ্চার হন হুমায়ুন। এরপর দলীয় কার্যালয়ে বসে উস্কানি ছড়ানোর অভিযোগে পুলিশ তাঁকে তুলতে গেলে বচসা ও হাতাহাতি বেধে যায়। জামা ধরে টেনেহিঁচড়ে তাঁকে গাড়ি তোলার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন (CEO) কড়া পদক্ষেপ করে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে।
নন্দীগ্রামে আক্রান্ত এজেন্ট
অন্যদিকে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকেও বড়ো গোলমালের খবর মিলেছে। নন্দীগ্রামের সরবেড়িয়া ২১২ নম্বর বুথে এক ইলেকশন এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। আক্রান্ত ওই এজেন্টের নাম শেখ সাদ্দাম হোসেন, যিনি এলাকার প্রাক্তন সিপিআই বিধায়ক ইলিয়াস মহম্মদের ছেলে। মারধরে গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল থেকেই দুই কেন্দ্রে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
রেজিনগরে ভোটগ্রহণ শুরু হতেই উত্তেজনা! পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, গ্রেফতার হুমায়ুন কবীর
সরকারের উদ্যোগে ‘অ্যাকোয়া বায়োডাইভারসিটি’ পার্কের নতুন পরিচয় পাচ্ছে বর্তির বিল