কৃষ্ণসাগরে কার্গো জাহাজে রুশ ড্রোন হামলার অভিযোগ, আহত ভারতীয় নাবিক, মৃত ২
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে উত্তাল কৃষ্ণসাগরও। ফের বাণিজ্যিক জাহাজে হামলা। ইউক্রেনের অভিযোগ, তুরস্কের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে রুশ ড্রোন। ওই কার্গোতে ছিলেন ভারতীয় নাবিকও। ড্রোন হামলার পরে জাহাজে আগুন ধরে যায়। ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক ভারতীয়-সহ কয়েক জন নাবিক। তবে জাহাজে থাকা তিন ভারতীয় নাগরিকই বর্তমানে নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে রোমানিয়ায় ভারতীয় দূতাবাস। পাশাপাশি, হামলার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি।
ক্ষতিগ্রস্ত জাহাজের নাম এমভি রয়্যাল মাম্মামডোভ। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের পতাকাবাহী এই জাহাজ ইউক্রেনের ইজ়মাইল বন্দর থেকে ভুট্টা নিয়ে ইতালির রাভেন্নার দিকে যাচ্ছিল। সোমবার কৃষ্ণসাগরে রোমানিয়ার জলসীমার কাছে জাহাজে আগুন লাগে। পরে সেটি ডুবে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রুশ ড্রোনের হামলাতেই জাহাজটিতে আগুন লাগে। তাঁর বক্তব্য, আন্তর্জাতিক জলসীমায় থাকাকালীন ওই অসামরিক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ড্রোনের মাধ্যমেই হামলা চালানো হয়েছে কি না তা এখনও নিশ্চিত করতে পারেনি রোমানিয়ার কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ওই কার্গোর ক্রু মেম্বারদের মধ্যে ছিলেন তিন জন ভারতীয়। তাঁদের মধ্যে এক জন আহত হয়েছেন। রোমানিয়ায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, তিন ভারতীয়ই নিরাপদে রয়েছেন। আহত নাবিকের চিকিৎসা চলছে। ভারতীয় দূতাবাসের আধিকারিকরা হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেছেন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
রোমানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছেন, জাহাজ থেকে মোট ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েক জন আহত। দু’জনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ভারতীয় ও আজ়ারবাইজানের নাগরিক ছিলেন বলে ইউক্রেনের তরফে জানানো হয়েছে। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া
ঘটনার পরে অসামরিক জাহাজে হামলা নিয়ে কড়া অবস্থান জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘কৃষ্ণসাগর থেকে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত অসামরিক নৌযানে হামলা একেবারেই গ্রহণযোগ্য নয়। নিন্দনীয় আচরণ এটি।’ রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানে ভারত ফের আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে সওয়াল করেছে।