সমুদ্রের প্রেমে নতুন করে পড়বেন
চাঁদটা সেদিন অদ্ভুত ছিল। সমুদ্রের বুকের ওপর যেন শান্ত হয়ে লেপ্টে ছিল। ঢেউ আসছিল, ফিরে যাচ্ছিল। কখনও চঞ্চল, কখনও উদ্দাম, আবার কখনও যেন লাজুক কোনও মেয়ের হাসির মতো— জ্যোৎস্না ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে বালির ওপর এসে পড়ছিল।
আমি চুপ করে বসেছিলাম। কোনও কথা ছিল না। শুধু সমুদ্র ছিল। আর ছিল আমার পাশে বসে থাকা আমার নিজের জীবন। মনে হচ্ছিল, এত বছর ধরে যে সব পথ হেঁটেছি, যে সব মানুষকে ভালোবেসেছি, যে সব সম্পর্ক হারিয়েছি, যে সব স্বপ্ন পূর্ণ হয়নি— সব কিছু যেন সেই ঢেউগুলোর সঙ্গে এসে আমার পায়ের কাছে জমা হচ্ছে।
একটা ঢেউ এসে পা ছুঁয়ে ফিরে গেল। মনে হলো, সমুদ্র বুঝি বলল— ‘এতদিন কোথায় ছিলে?’ আমি মৃদু হেসে বললাম— ‘পাহাড়ের কাছে।’ সমুদ্র যেন আবার ঢেউ তুলে হাসল। বলল— ‘তাই বলে আমাকে ভুলে যাবে?’
সে দিন রাতেই বুঝেছিলাম, পাহাড় আর সমুদ্রের ভালোবাসা এক নয়। পাহাড় মানুষকে কাছে টানে নীরবে। সমুদ্র মানুষকে কাছে টেনে আবার দূরে সরিয়ে দেয়। পাহাড়ের কাছে গেলে মনে হয়, কোথাও পৌঁছেছি।