বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু তরুণীর, শোরগোল বরাহনগরে
এই সময়, বরাহনগর: সাতসকালে ভারী কিছু আছড়ে পড়ার জোরালো শব্দে ঘুম ভেঙেছিল আবাসিকদের। বাইরে ছুটে আসতেই তাঁরা দেখতে পান আবাসনের চত্বরে নিথর, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক তরুণী। রবিবার ভোরের এই মর্মান্তিক দৃশ্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে উত্তর শহরতলির বরাহনগর নবীনচন্দ্র দাস রোড চত্বরে। বহুতল থেকে পড়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলো বছর চব্বিশের এক তরুণীর। মৃতার নাম ইশা সাউ। নিছক দুর্ঘটনা, নাকি মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে রয়েছে কোনও ষড়যন্ত্র? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ।