সিপিএমের পার্টি অফিস ভাঙচুরে যোগ নেই পদ্মের, দাবি শমীকের
কে তা হলে হামলা চালালো? শমীকের পর্যবেক্ষণ, ‘এটা বলতে পারেন, কিছু মানুষ চার ঘণ্টায় বিজেপি হয়ে গিয়েছেন। ব্যক্তিগত আক্রোশে তাঁরা এই সব কাজ করছেন। নিজেদের এলাকায় প্রাসঙ্গিক করা কিংবা এলাকায় যে তাঁদের অস্তিত্ব রয়েছে, তা প্রমাণ করার জন্য এই সব করছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জি়রো টলারেন্স নীতি নিয়ে পুলিশকে দিয়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।’ যদিও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘বিজেপির তৃণমূলীকরণ প্রায় সম্পূর্ণ। বিজেপি কি লুম্পেনদের উপরে নির্ভর করতে বাধ্য হচ্ছে? নাথুরাম গডসের লোকেরা পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাবে, এটা চলবে না।’ বিরাটির ঘটনা নিয়ে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, ‘বামেদের সভায় আক্রমণের তীব্র নিন্দা করছি। কেউ আন্দোলন করতে পারবে না?’ মমতা–তৃণমূলও এই ঘটনা নিয়ে সরব হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষের কথায়, ‘বিরাটিতে বামেদের সভায় বিজেপির হামলার তীব্র নিন্দা করছি। তবে বামেদের একটু শিক্ষা প্রয়োজন। কারণ, মূল শত্রু কে? এই বিষয়ে বামেরা এত দিন গুরুত্ব দেয়নি।’