ভালো চুমু না খাওয়ায় ‘অভিমান’, আর কী কারণে ২০ বছর ইমরানের সঙ্গে কথা বলেননি মল্লিকা? - 24 Ghanta Bangla News
Home

ভালো চুমু না খাওয়ায় ‘অভিমান’, আর কী কারণে ২০ বছর ইমরানের সঙ্গে কথা বলেননি মল্লিকা?

Spread the love

‘আওয়ারাপন ২’-এর হাত ধরে প্রায় দুই দশক পর আবারও চর্চায় ইমরান হাশমি। ২০০৭ সালের ছবিতে ‘শিবম’ চরিত্রে তাঁর অভিনয় এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। সেই ছবির দ্বিতীয় পর্ব নিয়ে যখন নতুন করে আগ্রহ তৈরি হয়েছে, তখনই সামনে এসেছে অভিনেতার কেরিয়ারের এক পুরনো অধ্যায়—মল্লিকা শেরাওয়াতের সঙ্গে তাঁর তিক্ত সম্পর্কের গল্প। একসময় ‘মার্ডার’-এর পর দু’জনের মধ্যে এমনই দূরত্ব তৈরি হয়েছিল যে প্রায় ২০ বছর তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেননি। পরে অবশ্য সেই তিক্ততা ভুলে ফের স্বাভাবিক সম্পর্ক তৈরি হয়।

২০০৪ সালে মুক্তি পেয়েছিল ইমরান হাশমি ও মল্লিকা শেরাওয়াত অভিনীত ‘মার্ডার’। ছবিতে দু’জনের রসায়ন দর্শকের নজর কেড়েছিল। ছবিটি বক্স অফিসেও সাফল্য পায়। কিন্তু পরবর্তী সময়ে ছবির প্রচারের সময় দু’জনের মধ্যে কিছু মন্তব্য ও ভুল বোঝাবুঝি তৈরি হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেই ঘটনাই ধীরে ধীরে তাঁদের সম্পর্ককে তিক্ত করে তোলে। এর পর ইমরান ও মল্লিকা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে দীর্ঘ সময় দু’জনকে একসঙ্গে দেখা যায়নি। প্রায় দুই দশক ধরে সেই দূরত্ব বজায় ছিল।

ইমরান-মল্লিকার পুরনো সম্পর্কের তিক্ততা আরও আলোচনায় আসে ‘কফি উইথ করণ’-এর একটি পর্বকে কেন্দ্র করে। সেখানে ইমরানকে মল্লিকার সঙ্গে তাঁর অনস্ক্রিন চুম্বন নিয়ে প্রশ্ন করা হয়েছিল। অভিনেতা সেটিকে তাঁর সবচেয়ে খারাপ অনস্ক্রিন কিসগুলির মধ্যে একটি বলে উল্লেখ করেছিলেন। এমনকী ‘মার্ডার ২’-এ জ্যাকলিন ফার্নান্ডেজকে আরও ভালো কিসার বলেও মন্তব্য করেছিলেন তিনি।

বছর কয়েক পর পুরনো সেই বিবাদ নিয়ে কথা বলতে গিয়ে ইমরান নিজেই স্বীকার করেছিলেন, তাঁদের ঝামেলাটা আসলে বেশ ছেলেমানুষি ছিল। তাঁর মতে, দু’জন তখন অনেকটাই কম বয়সি ছিলেন। অহংবোধ এবং আশপাশের মানুষের কথায় প্রভাবিত হওয়ার কারণেই পরিস্থিতি এতটা খারাপ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *