তিন মহিলা সাংবাদিককে হেনস্থা, দিল্লির থানার সামনে অবস্থানে ককরোচরা, বাড়ছে উত্তেজনা
শনিবার দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ কর্মসূচিতে তিন মহিলা সাংবাদিককে শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে রবিবার পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদ দেখায় ককরোচ জনতা পার্টির সদস্যরা। এসিপি বিবেক ভগতের নামে অভিযোগ করেছেন সিজেপি পার্টির সদস্যরা। অন্য দিকে, দিল্লি পুলিশ জানিয়েছে তিন মহিলা সাংবাদিকদের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি দিল্লি পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চ তদন্ত করছে।
ভোটার তালিকার Special Intensive Revision নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবারের পরে শনিবারও মিছিলের আয়োজন করেছিল AISA-সহ একাধিক সংগঠনের সদস্যরা। সেই মিছিলে খবর সংগ্রহ করছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা। যন্তর মন্তরের দিকে বিক্ষোভকারীরা এগোতেই ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, সেই পরিস্থিতির মাঝেই তিন মহিলা সাংবাদিককে হেনস্থা করা হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা।
বিষয়টি নিয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সাংবাদিক বলেন, ‘পুলিশকর্মীরা আন্দোলনকারীদের আটক করছিলেন। সেখানে কোনও মহিলা পুলিশ ছিল না। আমি এসিপি বিবেক ভগতকে জিজ্ঞাসা করেছিলাম, কেন মহিলা পুলিশ নেই। সেই সময়ে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। শারীরিক ভাবে হেনস্থা করা হয়েছে। একাধিক সাংবাদিককে হেনস্থা করা হয়েছে।’
সেই ঘটনার প্রতিবাদে এ দিন পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে হাজির হন ককরোচ জনতা পার্টির সদস্যরা। বিষয়টি নিয়ে ককরোচ জনতা পার্টির সদস্য সৌরভ দাস বলেন, ‘আমরা পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে দাঁড়িয়ে আছি। পুলিশ নির্যাতিত মহিলাদের সঙ্গে দেখা করতে চাইছে না। এই ঘটনার জন্য এসিপি বিবেক ভগৎ দায়ী। এটি কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। যতক্ষণ না তারা আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে, ততক্ষণ আমরা এখানেই অবস্থান করব।’
ককরোচ জনতা পার্টির এই কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয় থানার সামনে। ঘটনার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির সদস্যরা ছাড়াও একাধিক সাংবাদিক প্রতিবাদে সামিল হন। এ দিন বিকেলে যুব কংগ্রেসের তরফেও একটি প্রতিবাদ মিছিল করা হবে বলে খবর।