২০২১-এ নন্দীগ্রামে মমতার পা-ই ‘ভাঙেনি’, ডাক্তারি রিপোর্ট তুলে বিস্ফোরক দাবি শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

২০২১-এ নন্দীগ্রামে মমতার পা-ই ‘ভাঙেনি’, ডাক্তারি রিপোর্ট তুলে বিস্ফোরক দাবি শুভেন্দুর

Spread the love

কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাওয়ার দাবি সম্পূর্ণ অসত্য ছিল বলে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাওয়ার দাবি সম্পূর্ণ অসত্য ছিল বলে চাঞ্চল্যকর দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার একটি সাংবাদিক বৈঠকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের একটি ডাক্তারি রিপোর্ট প্রকাশ্যে এনে তিনি জানান, সেই সময় মমতার পায়ে কোনো ভাঙার চিহ্নই ছিল না।

শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি ২০২১ সালের ভোটের প্রসঙ্গ টেনে বলেন, “২০২১ সালে আগের মুখ্যমন্ত্রী গোটা নন্দীগ্রামকে অপমান করেছিলেন। ওঁর পা নাকি ভেঙে দেওয়া হয়েছে বলে প্রচার করা হয়েছিল।” এরপরই তিনি ডিপার্টমেন্ট অফ রেডিয়ো ডায়াগনোসিস, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের একটি রিপোর্ট তুলে ধরে বলেন, ওই হাসপাতালের ১১.৩.২০২১ তারিখের রিপোর্ট অনুযায়ী পায়ে কোনো ফ্র্যাকচার বা ভাঙার প্রমাণ মেলেনি।

এই প্রসঙ্গে তিনি আরও জানান যে বর্তমানে সিআইডি (CID) এই বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ উঠে যাওয়ার পর এবং নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচন মিটে গেলে এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ ও নতুন করে তদন্তের বিষয়ে জানানো হবে বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সে সময় ভুয়া তথ্যের মাধ্যমে মিডিয়া ট্রায়াল করে বাংলার মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল।

স্মরণীয় ২০২১-এর নন্দীগ্রামের সেই ঘটনা

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে দিন তিনি মনোনয়ন জমা দিতে যান, সেই দিনই নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে তাঁর পায়ে গুরুতর আঘাত লাগে। প্রথমে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে প্লাস্টার করা পা ও হুইলচেয়ারেই গোটা রাজ্যে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন তিনি। সেই সময় থেকেই এই ঘটনাকে ‘নাটক’ বলে আক্রমণ শানিয়েছিল বিজেপি। শেষ পর্যন্ত সেই হাইভোল্টেজ লড়াইয়ে মমতাকে হারিয়ে জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই পুরনো ঘটনা নিয়েই নতুন করে শোরগোল ফেলে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী।

শিলিগুড়িতে ফের গণপিটুনি! গরু চোর সন্দেহে ৫ জনকে মারধর, পুড়িয়ে খুন ১

বাড়িতে অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে স্থানান্তরিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *