শংসাপত্রের ডিজিটাল রূপান্তরের প্রক্রিয়া, আবেদন জমার লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা
রূপক সরকার, বালুরঘাট
পুরোনো হাতে লেখা জন্ম শংসাপত্র ডিজিটাল করতে সরকারি নির্দেশ জারি হতেই বালুরঘাট জেলা হাসপাতালে ভিড় বাড়ছে। প্রতিদিন ভোর হতে না হতেই হাসপাতাল চত্বরে পড়ছে দীর্ঘ লাইন। জায়গা ধরে রাখতে কেউ জলের বোতল, কেউ ইট-পাথর রেখে অপেক্ষা করছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আবেদন করতে গিয়ে গরমে অসুস্থও হচ্ছেন অনেকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বয়স্ক, মহিলা এবং শিশুদের নিয়ে আসা আবেদনকারীরা।