মুক্তির দরজা খোলা! তবু বিশ্রামেই বাঘিনি
এনক্লোজ়ারের খোলা দরজা দিয়ে যখন ইচ্ছে তখনই এই বাঘিনি মুক্ত জঙ্গলে পা রাখতে পারে। আপাতত সে ব্যাপারে বাঘিনির মর্জিই শেষ কথা। ঘটনাচক্রে এ দিনই নতুন নামকরণ হয়েছে বাঘিনির। বিহারে যার সরকারি নাম ছিল ‘ভিটিআর টি–১৩৮’, সে–ই এ বার পরিচিতি পাবে ‘বিটিআর টিএফ–১’ নামে।
এর মধ্যেই এসেছে পরের পর সুসংবাদ। বাঘিনির আনুষ্ঠানিক রিলিজ়ের পরে আলিপুরদুয়ারের সভামঞ্চে হাজির হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা সবে শুরু। আগামী দু’মাসে বক্সায় আরও তিনটি বাঘ আনা হবে বাল্মীকি টাইগার রিজ়ার্ভ থেকে। আমি শপথ নেওয়ার পরে কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবজি আমায় বলেছিলেন, গান্ধীজির জন্মদিনে বক্সায় গিয়ে বাঘ ছাড়তে চাই। আমি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি এবং এনটিসিএ, ডব্লিউআইআই থেকে শুরু করে সমস্ত সংগঠন ও তাদের আধিকারিকদের কাছে কৃতজ্ঞ, আপনাদের সবার সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।’ পরে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদবের মন্তব্য, ‘২০১৮ থেকে আমরা বহুবার তৎকালীন রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছি যে, বক্সায় কেন্দ্রীয় সরকার বাঘ ছাড়তে চায়। বার বার চিঠি দিয়েছি, কিন্তু তাদের থেকে সাড়া পাইনি। আর আমাদের শুভেন্দুদা মাত্র দেড়শো দিনে সেটা করে দেখালেন। দ্য কিং হ্যাজ় রিটার্নড টু বক্সা!’