মণিপুরী চিত্রকলায় ত্রিধারার গীতিকবিতা - 24 Ghanta Bangla News
Home

মণিপুরী চিত্রকলায় ত্রিধারার গীতিকবিতা

Spread the love

অতনু বসু

‘শেডস অব হোমল্যান্ড’ শিরোনামে মণিপুরের তিন চিত্রকর সম্প্রতি অ্যাকাডেমিতে প্রদর্শনী করে গেলেন। সত্তরোর্ধ্ব দু’জন হুইদ্রম কেপেন্দ্র সিং, জুমনাম গুণীন্দ্র সিং চমৎকার অয়েল পেন্টিং-এর দৃষ্টান্ত দেখিয়েছেন। অত্যন্ত রিচ মিডিয়াম হিসেবে রেনেসাঁ পূর্ববর্তী থেকে বর্তমান চিত্রকলার ক্ষেত্রে অতি দীর্ঘস্থায়ী, শক্তিশালী, বলা যেতেই পারে অয়েল মিডিয়মের এই বিয়ন্ড পপুলারিটি। পঞ্চাশোর্ধ লেইসাংথেম ঈশ্বর-এর সব কাজই অ্যাক্রিলিক।

টেকিং অ্যাডভান্টেজ অব ডিফারেন্ট অ্যাসপেক্টস অব পেন্টিং অ্যাক্রিলিকের জনপ্রিয়তার অন্যতম কারণ। তাঁর কাজে মর্ডানিটি প্রখর। সকলেই নিরলস অধ্যাবসায়, অনুশীলন পর্বটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এই জায়গায় পৌঁছেছেন। খুঁটিয়ে তাঁদের কাজগুলি প্রত্যক্ষ করলে স্পষ্ট হয় অলমোস্ট এভরি ডায়মেনশন অব পেন্টিং ইজ় ডমিনেটেড।

কেপেন্দ্র’র কাজগুলো দেখতে দেখতে ভেসে উঠছিলো রেণে মাগ্রিত-এর ‘দ্য ফলস মিরর’, ‘রেড লিপস ফ্লোটিং ইন অ্যা ক্লাউডি ব্লু স্কাই’, ‘ফ্লাইং লাইট বাল্বস’ নামে সুররিয়ালিস্ট পেন্টিংগুলো। যদিও তাঁর কাজে সদবাস্তববাদ অনুপস্থিত। মণিপুরের নীলাকাশ, ভাসমান সাদা মেঘের মাঝে গাঢ় সবুজ পাহাড় ও ক্ষুদ্র ঘরবাড়িকে তিনি নানা দৃষ্টিকোণ থেকে দেখেছেন। চিত্রগুণ সম্পন্ন বর্ণ বিশ্লেষণ, প্রয়োগ ও তার ব্যবহারকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দেখিয়েছেন। বাস্তবতার নির্দিষ্ট স্পেসকে হরাইজ়েন্টাল কম্পোজিশনে মেঘ, পাহাড়, বিশাল এয়ারি স্পেস-ডিসট্যান্স, বিশেষত গ্রেট ব্যালান্স অব পার্সস্পেকটিভকে চমৎকার ভাবে ধরার চেষ্টা করেছেন। দিকচিহ্নহীন হোয়াইট, স্কাই ব্লু, ডার্ক বটল গ্রিন, লাইট-ডিপ ব্রাউনের এক মহাজাগতিক কবিতাই যেন লিখে ফেলেছে তাঁর ক্যানভাস। সাদা মেঘের কোথাও বিচ্ছুরিত আরও বেশি সাদা হাইলাইটস ওই কাব্যের এক রকম অলঙ্কারও বটে। আলোকোজ্জ্বল আকাশের সাদা মেঘের গায়ে–গায়ে যেন লেখা হয়ে আছে ‘…আমি ভালোবাসি মেঘ…চলিষ্ণু মেঘ…ঐ উঁচুতে… ঐ উঁচুতে… আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল!’ কেপেন্দ্র কি এ ভাবেই একই সঙ্গে ব্যোদলের-বুদ্ধদেব বসুকে টেনে আনলেন তাঁর ‘অন দ্য হিল সিরিজ়’-এ?

বাঁদিকে লাল পোশাক পরা তিন নারী, একজনের হাতে আলোর ছটা। ডানদিকে মুখোশের মতো মুখযুক্ত কয়েকটি অন্ধকার, জড়াজড়ি করা মানবমূর্তির বিমূর্ত চিত্র।

জ্বলন্ত বাস্তবেরও আলোছায়ার মায়াবী এক অনুরণন আছে, যা বর্ণের সুরেলা প্রেক্ষাপটকে ভরিয়ে দেয় মোহময়ী বর্ণচ্ছটার আলো-অন্ধকারে। বর্ণের জাদুকর জুমনাম গুণীন্দ্র সিং-এর অয়েল পেন্টিং-এর ক্যানভাসগুলো একটা মেলোডি তৈরির মাধ্যমে আচ্ছন্ন করে রাখে দর্শককে। ছবির চরিত্ররা প্রধানত নারী, যাদের মুহূর্তগুলির যাপনের আড়ালে বিপন্নতা-বিষণ্নতা, আতঙ্ক, চিন্তাচ্ছন্নতা, অপেক্ষা, ফিরে যাওয়া দৃশ্যকল্প এক ভগ্ন জীবনের কথাই বলে। প্রখর চিত্রগুণের ব্যবহার তাঁর ছবিকে মহার্ঘ জড়োয়া গয়নার অলঙ্কার পরিয়েছে। হাইলাইটসকে তিনি অবয়বের গাত্রবর্ণ ও ভল্যুম-এর সঙ্গে নিখুঁত টোনাল-ভেরিয়েশনের ভিগনেট সদৃশ আবহে সমগ্র অ্যারেঞ্জমেন্টে কম্পোজ়িশনে এক সুপার রিয়েলিজ়ম-এর মেসেজ রেখে গিয়েছেন। আলো অন্ধকারের প্রকৃত স্বরূপ, হাত পা, শরীরের অবস্থান, সরু আঙুলের অনবদ্য ছন্দ, প্রত্যঙ্গের অনন্য বিভাজন-সংগঠনের নাটকীয়তা, চোখ মুখের নীরব অথচ গভীর অভিব্যক্তির এই রিয়্যালিস্টিক অ্যাপ্রোচ তাঁর স্টাইল ও টেকনিক এক উন্নত শিখরে নিয়ে যায়, যার শিকড় বোঝা যায় অনেক অনেক গভীরে প্রোথিত। ব্রাশিং-এর মোহময় লাবণ্যের গভীরে যা আশ্চর্য করে নিমেষেই। ড্রয়িং-কম্পোজ়িশনের রাজকীয় অথচ আটপৌরে মেজাজ ও রিয়্যালটি প্রতিটি ক্ষেত্রেই গুণীন্দ্র’র ছবি এক কথায় অ্যান অ্যামেজ়িং অরা অব পেন্টিংস রিচ ইন এক্সট্রিম রিয়্যালিজ়ম।

লেইসাংথেম ঈশ্বর স্পেসকে পেন্টিংয়ে কী ভাবে ব্যবহার করতে হয়, ভিন্ন অনুষঙ্গ, বাস্তব-অবাস্তবের অনুপুঙ্খ ফর্ম-এর সংগঠন ও অ্যারেঞ্জমেন্ট, বিশেষত কোনও নাটকীয় কম্পোজ়িশনকে বিভিন্নতার পোস্টমর্টেমে ফেলে তাঁর পেন্টিংয়ের মূল স্ট্রাকচারটিকে বার করে এনে অনবদ্য কাজ করেছেন। তায়েব মেহতা’র ড্রয়িং-এ তিনি ভীষণ ভাবে আচ্ছন্ন, তা কাটিয়ে নিজস্ব জায়গা তৈরি করতে গিয়ে ঈশ্বর কিছু ড্রামাটিক সিচুয়েশনকে একটা কনসেপচুয়ালাইজিং কম্পোজিশন থ্রু অ্যা ভিস্যুয়াল লেন্স-এর মাধ্যমে দেখিয়েছেন। ছবির মানুষেরা নারী-পুরুষ, কিন্তু তাদের মধ্যে ইন্ট্রোস্পেকশন, অ্যগনি, ক্রুয়েলটি, দ্য হরর প্রাধান্য পেয়েছে। অবয়বের অভিব্যক্তিতে যখনই একটা রিদমকে রাখার চেষ্টা করেছেন সেখানে ড্রামা ক্রিয়েট হচ্ছে ভয়াবহতার আবহে। ছোট ফর্মের বাস্তব–অবাস্তব অনুষঙ্গগুলি রূপক হিসেবে ব্যাকগ্রাউন্ড একটা অনির্দিষ্ট রূপরেখা দিচ্ছে, বর্ণের বৈপরীত্যে সমগ্র দৃশ্যকল্পের প্রেক্ষাপট তখন মারাত্মক অভিঘাতের সংকেতে গ্রহণযোগ্য, ফলে পেন্টিং কোয়ালিটি ও ছবির স্টোরিটেলিং-এর কৌতূহলোদ্দীপক রং-রেখার আর এক রকম গদ্য কবিতার রূপ-রূপান্তর যেন, যদিও তা মৃত্যুচেতনা, হত্যাদৃশ্যের স্মৃতি বহন করে। মনোরম কাজ। তাঁকে স্বত্বর তায়েব মেহতা’র প্রভাব মুক্ত হতেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *