ভোটার তালিকায় কারচুপির অভিযোগে CJP-র বিক্ষোভে শামিল শাবানা, নাসিরুদ্দিন এবং বিশাল - 24 Ghanta Bangla News
Home

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে CJP-র বিক্ষোভে শামিল শাবানা, নাসিরুদ্দিন এবং বিশাল

Spread the love

গান্ধী জয়ন্তীতে ভোটার তালিকায় কারচুপি ও নাম বাদ দেওয়ার অভিযোগে মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে আয়োজিত এক গণবিক্ষোভে সুর মেলালেন বলিউডের বিশিষ্ট ব্যক্তিত্বরা। ককরোচ জনতা পার্টি (CJP)-র উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজ়মি, বিশিষ্ট চিত্রপরিচালক বিশাল ভরদ্বাজ, সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি এবং বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিশেষ সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগে সোচ্চার হন আন্দোলনকারীরা।

শিবাজি পার্কের মঞ্চে দাঁড়িয়ে দেশবাসীকে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা দেন শাবানা আজ়মি। সোশ্যাল মিডিয়ায় শিবাজি পার্কের বিশাল জনসভার ভিডিয়ো শেয়ার করে শাবানা লেখেন, ‘মুম্বই তোমাকে সেলাম!’ তিনি আরও বলেন, ‘আপনার ভোটই আপনার অধিকার, আপনার ভোটই আপনার কণ্ঠস্বর। কিন্তু হঠাৎ করে যদি ভোটার তালিকা থেকে আপনার নাম গায়েব হয়ে যায় বা তা পরিবর্তন করা হয়, তবে আপনি কী করবেন?’ পুলিশি অনুমতির বিষয়টি তুলে ধরে তিনি জানান, একাধিকবার আবেদন করা সত্ত্বেও পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। তবে প্রশ্ন তোলা প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক অধিকার।

প্রতিবাদস্থলে বিশাল ভরদ্বাজকে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে দেখা যায়। অন্যদিকে সঙ্গীতশিল্পী বিশাল দাদলানি উপস্থিত জনতার ভীড় ঠেলে মঞ্চে পৌঁছন এবং CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Abhijeet Dipke) সঙ্গে হাত মেলান। আন্দোলনের সমর্থনে বার্তা দিয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ-ও। আজাদ পার্কে অভিজিৎ দীপকের সঙ্গে সাক্ষাতের পর এক ভিডিয়ো বার্তায় শাহ বলেন, ‘একজন অজ্ঞ ব্যক্তি যদি দেশকে পরিচালনা করেন, তা হলে তিনি চাইবেন পুরো দেশটাই যেন তার মতো অজ্ঞ ও দায়হীন হয়ে পড়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *