‘গোল করার চেষ্টা করব’, ব্রাজ়িল ম্যাচে ইতিহাস তৈরির স্বপ্ন আনোয়ারের
ভারতের সামনে যে প্রতিপক্ষ, তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বিশ্বের সেরা ফুটবলারদের নিয়ে তৈরি দল ব্রাজ়িল। কিন্তু সেই দলের নামের ভার যেন ভারতীয় ফুটবলারদের মানসিক ভাবে পিছিয়ে না দেয়, সেটাই চাইছেন আনোয়ার। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, মাঠে নেমে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলাটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।
ব্রাজ়িলের বিরুদ্ধে ফ্রি-কিক থেকে গোল করার সুযোগ এলে সেই সুযোগ কাজে লাগাতে চান আনোয়ার আলি। তিনি বলেন, ‘অবশ্যই, যদি আমি গোল করার সুযোগ পাই, তা হলে গোল করার চেষ্টা করব। তবে আমাদের দলে আরও অনেক ফুটবলার আছে যারা ফ্রি-কিক নিতে পারে, এবং অবশ্যই তারা আমার থেকে ভালো। কিন্তু আমি যদি সুযোগ পাই, তা হলে অবশ্যই গোল করার চেষ্টা করব।’
রক্ষণে দায়িত্ব সামলানোর পাশাপাশি সেট-পিস থেকেও অবদান রাখার সুযোগ পেলে তা কাজে লাগাতে চান আনোয়ার। তবে ব্যক্তিগত ভাবে গোল করার চেয়ে দলের প্রয়োজনকেই যে বেশি গুরুত্ব দিচ্ছেন, তাঁর কথাতেই তা স্পষ্ট। ব্রাজ়িলের বিরুদ্ধে ভারতের সামনে সুযোগ খুব বেশি আসবে না। তাই যে কোনও সুযোগকে কাজে লাগানোর প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চাইছে দল।