নিজস্ব ব্লাড ব্যাঙ্ক, রক্তের জন্য বাইরে কেন? প্রশ্ন স্বাস্থ্যভবনের
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, শহরের অধিকাংশ বড় বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক থাকলেও নিজস্ব রক্ত সংগ্রহের উদ্যোগ কম। ফলে প্রয়োজনের সময়ে অন্য সরকারি বা বেসরকারি কেন্দ্রের উপর নির্ভর করতে হয়। এই প্রবণতা কমাতে হাসপাতালের ক্লিনিক্যাল বিভাগ ও ব্লাড ব্যাঙ্কের মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বুধবার। কোন গ্রুপের কতটা রক্ত প্রয়োজন এবং কতটা মজুত রয়েছে, সে দিকেও নজর দিতে বলা হয়েছে। রক্তদান শিবির আয়োজন, ব্লাড ব্যাঙ্কের ক্ষমতা বৃদ্ধি, কর্মীদের প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তার ক্ষেত্রেও বেসরকারি হাসপাতালগুলিকে পদক্ষেপের আহ্বান জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে পর্ষদ। অর্থাৎ শুধু রক্ত মজুত নয়, নিয়মিত রক্ত সংগ্রহের নিজস্ব ব্যবস্থাও গড়ে তুলতে বলা হয়েছে।