কলকাতায় এসে মাছই ভরসা ব্রাজ়িলের, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ভিনিদের মেনুতে কী কী? - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় এসে মাছই ভরসা ব্রাজ়িলের, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ভিনিদের মেনুতে কী কী?

Spread the love

ভারতের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচের জন্য কলকাতায় পৌঁছে গিয়েছে ব্রাজ়িল ফুটবল টিম। শুক্রবার সাংবাদিক বৈঠকও সেরে ফেলেছেন কোচ কার্লো আন্সেলোত্তি এবং ক্যাপ্টেন মার্কুইনহোস। এই দিনই যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিসে নামার কথা সেলেকাওদের। এর মাঝেই চর্চা চলছে ব্রাজ়িলের ফুটবলারদের ডায়েট নিয়ে। কলকাতায় এসে কী ভারতীয় খাবারে মজেছেন তাঁরা? সেই পথে কিন্তু হাঁটেনি ব্রাজ়িলের টিম ম্যানেজমেন্ট। ডায়েট নিয়ে কোনও আপস করছে না তারা। দলের সঙ্গে আসা শেফ এবং পুষ্টিবিদদের নিয়ম মেনেই তৈরি হচ্ছে মেনু। কী কী থাকছে ভিনিসিয়াস, ব্রুনোদের মেনুতে?

রাজ্য সরকারের তরফে নৈশভোজে ভারতীয়, বাঙালি-সহ বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তবে ব্রাজ়িলের ফুটবলাররা ডায়েট ঠিক রাখতে দলের নিজেদের শেফেই ভরসা রেখেছে বলে জানা গিয়েছে ‘ইন্ডিয়া টুডে’-র এক প্রতিবেদনে।

দিনে প্রায় ৫ বার খাবার, কী থাকছে লাঞ্চ ও ডিনারে?

ব্রাজ়িলের ফুটবলারদের দিনে প্রায় পাঁচ বার খাবার দেওয়া হচ্ছে। প্রতিটি পদ তৈরির সময়ে উপস্থিত থাকছেন দলের শেফ এবং পুষ্টিবিদরা। খাবারে তেলের ব্যবহারও নিয়ন্ত্রিত। মূলত অলিভ অয়েলই ব্যবহার করা হচ্ছে। লাঞ্চ এবং ডিনারে থাকছে ভাত, স্প্যাগেটি, বেকড বিনস, মাছ, চিকেন, মাংস এবং গ্রিন স্যালাড। ডেজ়ার্টও থাকছে, তবে তার পরিমাণ সীমিত।

কলকাতার মাছেই মজেছেন ব্রাজ়িলের তারকারা

ব্রাজ়িলের ফুটবলাররা মাছপ্রেমী হিসেবে পরিচিত। কলকাতা আবার মাছের জন্য বিখ্যাত। ফলে শহরে এসে নানা ধরনের টাটকা মাছ খাওয়ার সুযোগও পাচ্ছেন তাঁরা। সূত্রের খবর, সামুদ্রিক খাবারও শেফরাই তৈরি করছেন। খাবারের সঙ্গে থাকছে সামান্য পরিমাণে ভাত, বিভিন্ন ধরনের ডাল ও বিনস, আলু, সবজি এবং স্যালাড।

ভারতের কোচ খালিদ জামিল ও ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি
ভারতের কোচ খালিদ জামিল ও ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি

ব্রেকফাস্টে কী খাচ্ছেন ভিনিসিয়াস-এন্দ্রিকরা?

শুক্রবার সকালে কলকাতায় ব্রাজ়িল টিমের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছেন দলের শেফরা। জানা গিয়েছে, ব্রেকফাস্টে ছিল পাউরুটি, সিদ্ধ ডিম, বিভিন্ন ধরনের ফল এবং সবুজ সবজি দিয়ে তৈরি স্যালাড। ড্রাই ফ্রুটসও ব্রাজ়িল টিমের নিয়মিত ডায়েটের অংশ। পানীয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট রুটিন মেনে চলছেন ফুটবলাররা। দলের পানীয় জলও বাইরে থেকে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

শুধু খাবার নয়, কলকাতায় ব্রাজ়িলের ফুটবলারদের দৈনন্দিন রুটিনও বেশ কড়া। সকালে হালকা জিম সেশন করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *