শ্লীলতাহানি দেখলে গুলি! পরামর্শ বিজেপি বিধায়কের, মন্তব্যে বিতর্ক
এই সময়, ধূপগুড়ি: ধূপগুড়ি শহরে সন্ধ্যার পর নির্জন এলাকায় একা কোনও মহিলাকে দেখলেই এক শ্রেণির মোটরবাইক আরোহীরা শ্লীলতাহানি করছেন বলে অভিযোগ। এ রকম একাধিক ঘটনা সামনে এসেছে। পুজোর মুখে এমন কাণ্ডে রীতিমতো আতঙ্কিত ধূপগুড়ির মহিলারা। কড়া পদক্ষেপের দাবি উঠেছে। এই পরিস্থিতিতে অভিযুক্তদের গুলি করার নিদান দিলেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক নরেশচন্দ্র রায়।
ধূপগুড়ি শহরের বিভিন্ন নির্জন অলিগলিকে সন্ধ্যার পর টার্গেট করছেন বাইকআরোহী এক দল তরুণ। অভিযোগ, একা কোনও মহিলা বা তরুণী থাকলেই আচমকা পিছন দিক থেকে বাইক নিয়ে এসে শরীরে অশ্লীল ভাবে স্পর্শ করে পালিয়ে যাচ্ছেন তাঁরা। এ প্রসঙ্গে ধূপগুড়ির বিধায়ক নরেশচন্দ্র রায় বলেন, ‘এদের দেখেই গুলি মেরে দাও। সরকারকে এ রকম উদ্যোগ নিতে হবে। মা-বোনেদের উপরে অত্যাচার হলে আমরা ছাড়ব না।’
অধিকাংশ ক্ষেত্রেই হেলমেটে মুখ ঢাকা থাকায় অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। দ্রুতগতিতে বাইক নিয়ে পালিয়ে যাওয়ায় গাড়ির নম্বরও নোট করতে পারছেন না আক্রান্তরা। চলতি মাসেই এমন বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। একটি ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল হওয়া ফুটেজের সত্যতা যাচাই করেনি ‘এই সময়’)।
তবে পুলিশের কাছে সব ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়েনি। সামাজিক লজ্জায় অনেক মহিলা থানায় যেতে চাইছেন না। অবশ্য পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে। সন্ধ্যার পর শহরের নির্জন এলাকাগুলিতে টহলদারি বাড়ানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত বাইকআরোহীদের শনাক্ত করা সম্ভব হয়েছে কি না, তা স্পষ্ট নয়। পুজোর মরশুমে রাত পর্যন্ত কেনাকাটা চলবে। ফলে চাপ বেড়েছে পুলিশের।
এ ধরনের ঘটনা ঘটলে বিজেপির জলপাই গুড়ি জেলা সাধারণ সম্পাদক চন্দন দত্ত মহিলাদের দ্রুত এফআইআরের পরামর্শ দেন।