এ বছর কবে পড়েছে ইন্দিরা একাদশী? এই তিথিতে প্রয়াত পূর্বপুরুষের শ্রাদ্ধ করা কেন গুরুত্বপূর্ণ?
হিন্দু শাস্ত্র এবং জ্যোতিষ গণনা অনুযায়ী, হিন্দু ধর্মে বছরে মোট ২৪টি একাদশী পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব ধর্মীয় গুরুত্ব রয়েছে। তেমনই আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ইন্দিরা একাদশী নামে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনে উপোস, দান করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন। একই সঙ্গে পিতৃদোষ থেকে মুক্তি এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় বলেও মনে করা হয়।
শাস্ত্রে ইন্দিরা একাদশীতে দীপদানের বিশেষ মাহাত্ম্যের কথাও উল্লেখ রয়েছে। দীপদান বলতে বোঝায় তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে তা দেবতার উদ্দেশে নিবেদন করা।
যা যা জানবেন
-
ইন্দিরা একাদশী ২০২৬ কবে পালিত হবে?
-
একাদশী তিথি কখন শুরু ও শেষ হবে?
-
ইন্দিরা একাদশীতে শ্রাদ্ধ ও উপোসের ধর্মীয় গুরুত্ব কী?
-
পিতৃদোষের সঙ্গে এই একাদশীর সম্পর্ক কী?
-
ইন্দিরা একাদশীতে দীপদানের মাহাত্ম্য কী?
-
ইন্দিরা একাদশীর পৌরাণিক কাহিনি
কবে পড়েছে ইন্দিরা একাদশী?
আগামী ৬ অক্টোবর, মঙ্গলবার পালিত হবে ইন্দিরা একাদশী।
একাদশী তিথি শুরু ৬ অক্টোবর রাত ২টো ৭ মিনিটে
একাদশী তিথি শেষ ৭ অক্টোবর রাত ১২টা ৩৪ মিনিটে
ব্রত পারণের সময় ৭ অক্টোবর সকাল ৬টা ১৭ মিনিট থেকে ৮টা ৩৮ মিনিট পর্যন্ত।
ইন্দিরা একাদশী কেন গুরুত্বপূর্ণ?
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কোনও পূর্বপুরুষ তাঁর জীবনেদ্দশায় পাপের কারণে মৃত্যুর পর যমলোকে কষ্ট ভোগ করলে অথবা নিম্নযোনিতে জন্ম নিলে, ইন্দিরা একাদশীর ব্রত তাঁর মুক্তি ও কল্যাণের পথ খুলে দেয় বলে বিশ্বাস করা হয়।
প্রসঙ্গত, হিন্দুধর্মের বিশ্বাস অনুসারে মানুষ হিসেবে জন্ম নেওয়ার পর জীবের ভালো বা মন্দ কর্ম করার পূর্ণ স্বাধীনতা থাকে। কেউ যদি তাঁর মানবজীবনে পশুর মতো আচরণ করে এবং ক্রমাগত পাপ কাজ করে, সেই কর্মফলের কারণে পরবর্তী জন্মে তাঁকে নিম্ন যোনিতে স্থানান্তরিত হতে হয়।
শাস্ত্র অনুযায়ী, যোনি প্রধানত দু’প্রকার। কর্ম যোনি মানে মানব জন্ম এবং ভোগ যোনি মানে নিম্ন যোনি। মানুষ পাপের শাস্তি ভোগ করার জন্য পশু, গাছপালা, কীটের মতো নিম্ন স্তরে জন্ম নেয়। পাপের ক্ষয় হয়ে গেলে তাঁরা পুনরায় উচ্চতর জন্মে ফিরে আসার সুযোগ পায় বলে বিশ্বাস।
পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে, এই একাদশীতে উপোস ও দান করে সেই পুণ্যফল পূর্বপুরুষদের উদ্দেশে উৎসর্গ করলে তাঁদের মোক্ষলাভ হতে পারে। বিষ্ণুলোক বা বৈকুণ্ঠে পৌঁছতে পারেন তাঁরা। ধর্মীয় বিশ্বাস, ইন্দিরা একাদশীর ব্রত পালনের ফলে পরিবারের সাত প্রজন্মের পূর্বপুরুষের আশীর্বাদও লাভ সম্ভব হয়।
কী ভাবে শুরু হলো ইন্দিরা একাদশীর ব্রত
পৌরাণিক কাহিনি অনুসারে, সত্যযুগে মহিষ্মতী নগরের রাজা ইন্দ্রসেন ছিলেন অত্যন্ত ধার্মিক এবং বিষ্ণুর পরম ভক্ত। একবার নারদ তাঁর কাছে এসে জানান, ইন্দ্রসেনের পিতা নাকি যমলোকে অত্যন্ত কষ্ট ভোগ করছেন। অতীতে এক উপোস পালনের সংকল্প করে মাঝপথে ভাঙার কারণে তাঁর এই দুর্দশা হয়েছে।
তখন পিতার মুক্তির জন্য নারদ রাজাকে ইন্দিরা একাদশীর ব্রত পালনের পরামর্শ দেন। রাজা নিষ্ঠার সঙ্গে একাদশীর উপোস করে ব্রত পালন করেন। পিতার উদ্দেশে শ্রাদ্ধও করেন। এর ফলে তাঁর পিতা যমলোকের কষ্ট থেকে মুক্ত হয়ে বিষ্ণুর ধামে স্থান লাভ করেন। পরবর্তীকালে নিজের জীবনকর্ম সম্পূর্ণ করে রাজা ইন্দ্রসেনও স্বর্গলোকে গমন করেন বলে পুরাণে বর্ণিত রয়েছে। তাই ইন্দিরা একাদশীকে এত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
FAQ
২০২৬ সালে ইন্দিরা একাদশী কবে?
২০২৬ সালে ইন্দিরা একাদশী পালিত হবে ৬ অক্টোবর, মঙ্গলবার। একাদশী তিথি শুরু হবে ৬ অক্টোবর রাত ২টো ৭ মিনিটে এবং শেষ হবে ৭ অক্টোবর রাত ১২টা ৩৪ মিনিটে।
ইন্দিরা একাদশীর ব্রত পারণের সময় কখন?
২০২৬ সালে ইন্দিরা একাদশীর ব্রত পারণ ৭ অক্টোবর সকাল ৬টা ১৭ মিনিট থেকে ৮টা ৩৮ মিনিটের মধ্যে করার কথা বলা হয়েছে।
ইন্দিরা একাদশীতে পূর্বপুরুষের শ্রাদ্ধ কেন করা হয়?
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে ব্রত, দান ও শ্রাদ্ধের পুণ্যফল পূর্বপুরুষদের উদ্দেশে উৎসর্গ করলে তাঁদের কল্যাণ ও মুক্তি লাভে সহায়তা করে।
ইন্দিরা একাদশীতে দীপদান কেন করা হয়?
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, ইন্দিরা একাদশীতে দেবতার উদ্দেশে তেল দিয়ে প্রদীপ নিবেদন বা দীপদানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিনে দীপদানকে গুরুত্বপূর্ণ ধর্মীয় আচারের মধ্যে ধরা হয়।
ইন্দিরা একাদশীর সঙ্গে রাজা ইন্দ্রসেনের কী সম্পর্ক?
পুরাণের কাহিনি অনুযায়ী, রাজা ইন্দ্রসেন তাঁর পিতার মুক্তির জন্য নারদের পরামর্শে ইন্দিরা একাদশীর ব্রত পালন ও শ্রাদ্ধ করেন। এর ফলেই তাঁর পিতা যমলোকের কষ্ট থেকে মুক্তি পেয়েছিলেন বলে বিশ্বাস করা হয়।