Humayun Kabir: 'আমি মৃত্যুকামনা করিনি', চাপে পড়ে ডিগবাজি হুমায়ুনের? | Humayun Kabir Clarifies Controversial Remark After CM Suvendu Adhikari attacked Him on death wish remark issue in Rejinagar - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: ‘আমি মৃত্যুকামনা করিনি’, চাপে পড়ে ডিগবাজি হুমায়ুনের? | Humayun Kabir Clarifies Controversial Remark After CM Suvendu Adhikari attacked Him on death wish remark issue in Rejinagar

Spread the love

শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরImage Credit: TV9 Bangla

মুর্শিদাবাদ: ‘আমি মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করিনি’। রেজিনগর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) তোপ দাগতেই ডিগবাজি হুমায়ুন কবীরের (Humayun Kabir)? দিন কয়েক আগেই হুমায়ুন মন্তব্য করেছিলেন, “আমি চাই মুখ্যমন্ত্রী থেকে উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে যান। শুক্রবারে নমাজ পড়ব, বলব, এ যত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় হয়, উপরওয়ালা যেন ওকে ওঁর টিকিট কাটিয়ে দেয়।” তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে বৃহস্পতিবার রেজিনগরের সভা থেকে হুমায়ুনকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। একইসঙ্গে হুমায়ুনের বিচার রেজিনগরের জনগণের হাতে তুলে দেন তিনি। এরপরই নিজের মন্তব্য থেকে পুরো পাল্টি খেলেন হুমায়ুন। নওদার বিধায়কের পাল্টা আক্রমণ, “মুখ্যমন্ত্রীর মাথা ঠিক মতো কাজ করছে না।”

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা কী বললেন হুমায়ুন?

টিভি৯ বাংলাকে হুমায়ুন কবীর জানান, তিনি মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করেননি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অত্যাচারের, অত্যাচারীর ধ্বংস চেয়েছেন। বলেন, “আমি মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে আমার মুখ দিয়ে বলানো হচ্ছে। যে কোনও অহংকারীর পতন হয়। একতরফাভাবে অত্যাচার, জুলুম চালায় যারা, তাদের অবসান হবে, এটা পৃথিবীর ইতিহাসেও রয়েছে। ক্ষমতাসীন ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। এরকম নয় যে শুভেন্দুর মৃত্যুকামনা করেছি। আমার যদি ধ্বংস চায়, তাহলে আমিও তো রসগোল্লা পাঠাব না, আমি তো উপরওয়ালার কাছে সেটাই চাইব।”

নওদার বিধায়কের আরও দাবি, “অত্যাচারী ধ্বংস হয়। অত্যাচারী শেষ কথা বলে না। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে। ন্যায়ের পথে যাঁরা চলেন, তাঁদের সুখ্যাতি হয়। আমি বলেছি, যেভাবে রাজ্যের আগের মুখ্যমন্ত্রী মানুষের ক্ষমতা নিয়ে চাকরি বিক্রি করেছিল, দুর্নীতি করেছিল, এই শুভেন্দু অধিকারীদের মিটিং-মিছিল করতে দিতেন না। একই কৌশলে পুলিশমন্ত্রী হয়ে বিরোধীদের উপর অত্যাচার চালাচ্ছেন।”

রেজিনগর থেকে শুভেন্দুর কড়া বার্তা

রেজিনগরে ভোট প্রচারে গিয়ে হুমায়ুনের প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী বলেন, “তিনি বলছেন অজিত পাওয়ার প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেল, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী নাকি আততায়ীর হাতে খুন হয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতি শুক্রবার ওপরওয়ালার কাছে প্রার্থনা করব যাতে পৃথিবী থেকে তুলে নেয়। এই লোককে ভোট দেবেন? আমরা শত্রু হলেও এই ধরনের কথা মুখে আনি না। রাজনীতির ময়দানে লড়াই হয়, লড়াই হবে, বাক্য বিনিময় হবে, তর্ক হবে, আলোচনা-সমালোচনা হবে, একজন জিতবে, অন্যরা হারবে। আর এখানে হুমায়ুন সাহেব বলছেন, আমি প্রতি শুক্রবার প্রার্থনা করছি, যাতে ওপরওয়ালা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীকে অজিত পাওয়ারের মতো তুলে নেয়। আমি বিচারের ভার রেজিনগরের গণদেবতার হাতে তুলে দিয়ে গেলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *