Bigg Boss Bangla: রাজবীরকে জামাই হিসেবে পছন্দ? সত্যিটা বলেই ফেললেন নন্দিনীর বাবার | Bigg boss bangla rajveer dey nandini dutta romance nandini father reaction
রিয়্যালিটি শোর রোমাঞ্চ, অন্দরের কোন্দল আর নিত্যনতুন বিতর্কের পারদ চড়িয়ে টিআরপি তালিকায় নজর কাড়ছে ‘বিগ বস বাংলা’। তবে সব হইচইয়ের মাঝে এখন সবচেয়ে বেশি চর্চায় রাজবীর দে এবং নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা। ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে রাজবীর ঘরে পা রাখার পর থেকেই বদলে গিয়েছেন নন্দিনী। গাল টিপে দেওয়া, চুমু থেকে শুরু করে এক বিছানায় বসে আদুরে মুহূর্ত ভাগ করে নেওয়া—স্ক্রিনে রাজবীর-নন্দিনীর এই ‘সুপারহিট কেমিস্ট্রি’ উপভোগ করছেন দর্শককুলের একাংশ।
কিন্তু বিগ বসের ঘরে ফুটে ওঠা এই রসায়ন কি স্রেফ খেলার কৌশল, নাকি সম্পর্কের সমীকরণ সত্যি গড়াচ্ছে বাস্তবেও? রাজবীরকে কি হবু জামাই হিসেবে মেনে নিতে রাজি নন্দিনীর পরিবার? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়েই মুখ খুলেছেন নন্দিনী দত্তের বাবা।
মেয়ের সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে নন্দিনীর বাবার সাফ কথা, “এটা সম্পূর্ণভাবেই বিগ বসের খেলা । এমন এক পরিবেশে এই সময় কারও কাউকে ভালো লাগতেই পারে, কারও সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি হতে পারে। এটা খুবই স্বাভাবিক।”
তবে ভবিষ্যৎ জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে সম্পূর্ণ স্বাধীনতা তিনি মেয়েকেই দিয়েছেন, তা স্পষ্ট করে দেন নন্দিনীর বাবা। রাজবীরকে জামাই হিসেবে পছন্দ কি না বা ভবিষ্যতে এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে—তা নিয়ে তাঁর স্পষ্ট জবাব, “ভবিষ্যতে যদি সত্যিই সেরকম কিছু ঘটে, তবে আমার মেয়ে যা চাইবে আমি সেটাই করব। আমার জীবনের ক্ষেত্রে আমার মেয়ের কথাই শেষ কথা।”
ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেওয়ার পর থেকেই ঘরে রাজবীরের উপস্থিতি ঘিরে বিতর্ক লেগে রয়েছে। একদিকে কড়া মেজাজ, অন্যদিকে নন্দিনীর সঙ্গে রোমান্টিক রসায়ন—দুই বিপরীত রূপ নিয়ে বর্তমানে আলোচনার শীর্ষে রাজবীর। এখন দেখা যাক, বিগ বসের এই জমজমাট সমীকরণ খেলার পাশাপাশি তাঁদের ব্যক্তিগত জীবনেও কোনও নতুন মোড় নিয়ে আসে কি না!