শ্বশুরবাড়ি থেকে উদ্ধার দুই নাবালিকা, পাঠানো হলো সরকারি হোমে - 24 Ghanta Bangla News
Home

শ্বশুরবাড়ি থেকে উদ্ধার দুই নাবালিকা, পাঠানো হলো সরকারি হোমে

Spread the love

দুই নাবালিকাকে শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করল পুলিশ। দু’টি পৃথক ঘটনায় ১৬ ও ১৪ বছরের ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। সোমবার রাতে শ্বশুরবাড়ি থেকে তাদের উদ্ধার করে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার পুলিশ। মঙ্গলবার তাদেরকে পাঠানো হয় বহরমপুরে সরকারি হোম ‘ শিলায়ন’ -এ ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানিনগর থানার শিবনগর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে মাস খানেক বিয়ে হয়েছিল ১৬ বছরের নাবালিকার। নাবালিকাও শিবনগরের বাসিন্দা।

অন্য দিকে, হুগলির তারকেশ্বর এলাকার ১৪ বছরের নাবালিকার দু’মাস আগে বিয়ে হয়েছিল রানিনগর থানার গোধনপাড়া এলাকার এক পরিযায়ী শ্রমিকের সঙ্গে।

পুলিশ জানায়, দু’টি ঘটনাতে চুপিসাড়ে বিয়ে দেওয়া হয়েছিল। যাতে পুলিশ ও প্রশাসনের কানে খবর না পৌঁছয় সেই চেষ্টাও করা হয়। বিয়ে হয়ে যাওয়ার পরে পাত্রদ্বয় কেরালাতে রাজমিস্ত্রির কাজে চলে গিয়েছেন।

গোপনে ওই বিয়ের আয়োজন হয়েছিল সেই খবর একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে জানতে পারে রানিনগর থানার পুলিশ। এর পরে ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে রানিনগর থানার পুলিশ দু’টি পৃথক অভিযান চালিয়ে দুই নাবালিকাকে উদ্ধার করে। বাল্যবিবাহে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই নাবালিকার এক মা ও এক শাশুড়িকে।

রানিনগর থানার পুলিশ জানিয়েছে, ওই দু’টি ঘটনায় থানায় দু’টি পৃথক মামলা দায়ের হয়েছে। ধৃতদের মঙ্গলবার লালবাগ এসিজেএম আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বাল্যবিবাহের ঘটনায় জড়িত রয়েছে যাঁরা, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *