ফুলচাষিরাই শুরু করেন দুর্গাপুজো, মিলন ক্ষেত্র হয়ে ওঠে ‘গোলাপ গ্রাম’
‘রুদ্রাক্ষে’র পুজো এ বার ১৫ বছরে পা দিল। পুজোর প্রতিটি দিন রয়েছে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, নাটক পরিবেশন করে গ্রামের ছেলেমেয়েরাই। পারলঙ্কার পাশাপাশি কিশোরপুর, গুড়তলা গ্রামের ফুলচাষিরাও সামিল হন পুজোয়। সপ্তমীর দিন থাকে ভোগ খাওয়ার ব্যবস্থা। পারলঙ্কা গ্রামের ফুলচাষিদের কাছে দুর্গাপুজো যেন পুনর্মিলন উৎসব। সুভাষ ঘড়া নামে এক গোলাপচাষি বলেন, ‘দুর্গাপুজোর কয়েকটা দিন আমরা একত্রিত হয়ে উৎসবে মেতে উঠি। ফুলচাষই আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে।’ রুদ্রাক্ষ দুর্গোৎসব কমিটির সম্পাদক অনুপম সামন্ত বলেন, ‘এই পুজো এখন গ্রামের প্রধান উৎসবে পরিণত হয়েছে। আমাদের পুজোর বিশেষ আকর্ষণ হলো টাটকা ফুল দিয়ে মণ্ডপসজ্জা। দূরদূরান্ত থেকে মানুষজন আমাদের পুজো দেখতে আসেন।’