পুলিশের পাঠশালায় পড়ে কনস্টেবল হলেন ৮ জন
দিব্যেন্দু সরকার, আরামবাগ
নাম আরামবাগ পাঠশালা! এটাকে পুলিশের পাঠশালা বললেও খুব একটা ভুল হতো না। এখানে যাঁরা পড়তে আসেন, তাঁরা কেউ বয়সে ছোট নন। তাঁদের অনেকেরই দাড়ি-গোঁফ গজিয়ে গিয়েছে। অনেকেই কলেজ থেকে পাশ করে বেরিয়েছেন। এখানে যাঁরা শিক্ষকতা করেন, তাঁরা সবাই পেশায় পুলিশ। যাঁরা এখানে পড়তে আসেন, তাঁদের মধ্যে অনেকেই পুলিশের চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন। এই পাঠশালায় পড়ার জন্য অবশ্য কোনও টিউশন ফি লাগে না। সেখান থেকে প্রশিক্ষণ নিয়েই এ বার রাজ্য পুলিশের চাকরিতে যোগ দিলেন ৮ জন তরুণ-তরুণী।