‘শাকচুন্নী’র স্বত্ব কিনলেন সৃজিত, এই গল্প নিয়ে আসবেন কবে? | Director Srijit Mukherji has acquired the rights of the story Shakchunni
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, যেরকম বেশ কিছু ছবি নিজে লিখেছেন, তেমনই খুব জনপ্রিয় কিছু বই থেকেও তিনি ছবি বা ওয়েব সিরিজ তৈরি করেছেন। নতুন কোন গল্পের স্বত্ব নিলেন সৃজিত মুখোপাধ্যায়, সেদিকে নজর থাকে তাঁর অনুরাগীদের। এবার খবর, অর্ণব রায়ের জনপ্রিয় লেখা ‘শাকচুন্নী’-র স্বত্ব সৃজিত মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা কিনে নিয়েছে।
অর্ণব রায়ের জনপ্রিয় লেখার মধ্যে রয়েছে ‘দ্য মহাভারত মার্ডার্স’। সেই গল্পের স্বত্ব নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কাজ করতে চেয়েছিলেন আগেই। তবে বাংলার এক নামী ওটিটি প্ল্যাটফর্মে একটি ওয়েব সিরিজ রয়েছে এই লেখার উপর। সেটা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়নি।
সৃজিত টিভি নাইন বাংলাকে জানালেন, ”অর্ণবের লেখা আমার খুবই ভালো লাগে। ‘দ্য মহাভারত মার্ডার্স’ নিয়ে আমাদের মধ্যে কাজের কথা হয়েছিল । তবে শেষ পর্যন্ত সেটা হয়নি। আমি ‘যাত্রিক’-ও তৈরি করতে চাই। দু’ বছর আগেই ‘শাকচুন্নী’-র স্বত্ব নিতে চেয়েছিলাম । তবে অন্য এক প্রযোজনা সংস্থার কাছে সেই স্বত্ব ছিল । সেই কারণে এতদিন নিতে পারিনি । এবার সুযোগ পেয়েছি । খুব তাড়াতাড়ি বড়পর্দা বা ওটিটি প্ল্যাটফর্মে এই কাজ নিয়ে আসব। অর্ণবের নতুন বই ‘বাকেট’-ও খুব ইন্টারেস্টিং। ”
লেখক অর্ণব রায় টিভি নাইন বাংলাকে জানালেন, ”সৃজিত মুখোপাধ্যায় যেরকম ধরনের কাজ করেন, তা দেখেই অনুমান করতে পারি, ‘শাকচুন্নী’-র গল্প তিনি তৈরি করলে ভালো হতে পারে।” এই কাজ বড়পর্দা বা ওটিটিতে কবে নিয়ে আসবেন পরিচালক, সেদিকে নজর থাকবে।