পুজোর আগে স্বস্তির খবর! আজ ভারী বৃষ্টি নয়, কলকাতা-সহ কোথায় হালকা বৃষ্টি? জানাল হাওয়া অফিস
টানা বৃষ্টির পর এবার বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকালের…
টানা বৃষ্টির পর এবার বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আজ থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সকালের দিকে হালকা তাপমাত্রা কমলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হচ্ছে। এদিকে, হাওড়া ও হুগলিতেও এক-দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও স্থানীয়ভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ হতে পারে। তবে ২৯ সেপ্টেম্বরের জন্য দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সতর্কতা জারি করা হয়নি।
মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। কলকাতাতেও আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩–৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কলকাতায় গরম ও ভ্যাপসা ভাব থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আজ। মূলত পরিষ্কার আকাশ থাকবে। তবে দুর্যোগ যে ঘনাচ্ছে তার সতর্কতা দিয়েছেন আবহবিদরা। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। মায়ানমারের উপকূলের কাছে তা তৈরি হচ্ছে এবং শক্তি বাড়াচ্ছে ক্রমশ। আগামী কয়েক দিনের মধ্যে এই নিম্নচাপ উত্তর দিকে এগিয়ে আসতে থাকবে। ফলে বঙ্গীয় উপকূল জুড়ে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রেখেছেন আবহবিদেরা।