‘আতঙ্কে’ ক্যাম্পাসে বন্দি পড়ুয়ারা, দায়ের ৩ কেস, নিরাপত্তার আর্জি SRFTI-র
এসআরএফটিআই–এর ছাত্র সুদীপ চক্রবর্তী বলেন, ‘পুরোপুরি ভয়–ইন হয়েছে। যে ভাবে পড়ুয়াদের পেরেক লাগানো লাঠি দিয়ে মারা হয়েছে, ইট ছোড়া হয়েছে, গেটের মুখে কার্যত বিবস্ত্র করে গণপিটুনি দেওয়া হয়েছে, তাতে অনেক পড়ুয়া বিশেষ করে, যাঁরা ভিন রাজ্য থেকে এসেছেন তাঁদের ভয় গ্রাস করেছে।’ ক্যাম্পাসের বাইরে যাঁরা থাকেন, তাঁরা একা একা আসতে–যেতে ভয় পাচ্ছেন বলে এই পরিস্থিতিতে হস্টেলেই কোনও রকমে থাকছেন তাঁরা। তাঁদের খাওয়া–দাওয়ার ব্যবস্থা অবশ্য হস্টেলের মেস থেকেই হচ্ছে। অধ্যাপকদের পরামর্শ মেনে, কোনও জরুরি প্রয়োজনে যদি বাইরে যেতে হয়, তা হলে দলবদ্ধ ভাবেই বেরোচ্ছেন তাঁরা। সোমবার কোনও ক্লাস হয়নি প্রতিষ্ঠানে। আজ মঙ্গলবারও হবে কি না, তা স্পষ্ট হয়নি রাত পর্যন্ত।