যুবভারতী তুমি কার! ব্রাজ়িল-উরুগুয়ে-রাশিয়া থেকে শিল্ড, AFC ম্যাচ একই মাঠে? বাড়ছে জটিলতা
কিশোর ভারতী থেকে যুবভারতীতে সরছে মেয়েদের ম্যাচ?
৩ অক্টোবর ভারত বনাম ব্রাজ়িল এবং ৬ অক্টোবর ভারত বনাম উরুগুয়ের ফিফা প্রীতি ম্যাচ যুবভারতীতে হবে, তা আগেই ঠিক ছিল। আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়ে কোনও প্রশ্নও নেই। কিন্তু নতুন জটিলতা তৈরি হয়েছে ভারতের মহিলা দলের রাশিয়ার বিরুদ্ধে দু’টি প্রদর্শনী ম্যাচ নিয়ে। এই ম্যাচ দু’টির আয়োজন হওয়ার কথা ছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মঙ্গলবার যুবভারতীতে সাংবাদিক বৈঠকে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়ে দেন, ম্যাচ দু’টিও যুবভারতীতে আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের পাশে বসে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ভারতের মেয়েদের দু’টি ম্যাচও যুবভারতীতেই করার ব্যবস্থা হচ্ছে।’ সহজ ভাষায় বলতে গেলে, যে ম্যাচগুলি অন্য মাঠে হওয়ার কথা ছিল, সেগুলিও এখন যুবভারতীতে নিয়ে আসার চেষ্টা চলছে। আর সেখান থেকেই শুরু হয়েছে প্রশ্ন।
IFA শিল্ড ফাইনাল নিয়েও ধন্দ
৮ অক্টোবর IFA শিল্ডের ফাইনাল হওয়ার কথা। ফাইনালে ডার্বি হওয়ার সম্ভাবনাও যথেষ্ট। সেই পরিস্থিতিতে ম্যাচটি যুবভারতীতে আয়োজনের দাবি ওঠাই স্বাভাবিক। কিন্তু এখন তো যুবভারতীর সূচি আগেই ঠাসা। সেই কারণেই ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, প্রয়োজন হলে ফাইনাল একদিন এগিয়ে ৭ অক্টোবর করা হতে পারে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ইন্দ্রনীল খাঁর দাবি, ‘সে ক্ষেত্রে ৭ অক্টোবর শিল্ডের ফাইনাল করতে হবে।’ অর্থাৎ একটি ম্যাচকে জায়গা দিতে অন্য একটি প্রতিযোগিতার সূচি বদলানোর কথাও ভাবতে হচ্ছে আয়োজকদের।