২৮ দিনের রিচার্জের দিন শেষ? TRAI-এর নতুন নিয়মে ‘সুখবর’ শোনালেন রাঘব চাড্ডা
TRAI-এর সিদ্ধান্তে মোবাইল রিচার্জ প্ল্যানে বড় বদল। এ বার থেকে প্রিপেড গ্রাহকদের জন্য ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যানই রাখতে হবে টেলিকম সংস্থাগুলিকে। একই সঙ্গে যাঁদের মোবাইলে ডেটার প্রয়োজন নেই, তাঁদের জন্য ভয়েস কল এবং SMS-কেন্দ্রিক প্ল্যানও আরও বেশি করে দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)-র নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তাঁর বক্তব্য, এই পরিবর্তনের ফলে বিশেষ করে কম বাজেটের গ্রাহকরা উপকৃত হবেন।
২৮ দিনের ‘মাসিক’ রিচার্জে সমস্যা কোথায়?
এতদিন বহু টেলিকম সংস্থার জনপ্রিয় ‘মান্থলি’ প্রিপেড প্ল্যানের মেয়াদ ছিল ২৮ দিন। অর্থাৎ ১২ মাসে পরিষেবা চালু রাখতে একজন গ্রাহককে কার্যত ১২টির বদলে ১৩ বার রিচার্জ করতে হতো। রাঘব চাড্ডা সংসদে ১১ মার্চ এই বিষয়টি তুলে ধরেছিলেন। তাঁর বক্তব্য ছিল, এক বছরে যখন ১২টি মাস, তখন মাসিক রিচার্জের মেয়াদ ২৮ দিন কেন হবে? গ্রাহকদের জন্য ৩০ দিনের বৈধতার প্ল্যান চালু করার দাবি জানিয়েছিলেন তিনি।
এ বার নতুন নিয়মে ৩০ দিনের বৈধতার প্ল্যান রাখতেই হবে টেলুকম সংস্থাগুলিকে। ফলে নিয়মিত মাসিক রিচার্জ করা গ্রাহকদের ক্ষেত্রে বছরে অতিরিক্ত একটি রিচার্জের প্রয়োজন কমতে পারে। তবে কোন সংস্থা কবে থেকে কোন নির্দিষ্ট প্ল্যান বাজারে আনবে এবং তার দাম কত হবে, তা সংস্থাভেদে আলাদা হতে পারে।
ডেটা ব্যবহার করেন না? মিলবে আলাদা প্ল্যান
নতুন নিয়মের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভয়েস এবং SMS-only Special Tariff Voucher বা STV। অর্থাৎ যাঁদের মূল প্রয়োজন ফোন করা এবং SMS পাঠানো, কিন্তু মোবাইল ডেটার প্রয়োজন নেই, তাঁদের জন্য আলাদা প্ল্যান রাখতেই হবে টেলিকম সংস্থাগুলিকে।
TRAI-এর নতুন কাঠামো অনুযায়ী, কোনও সংস্থা যে মেয়াদের বান্ডলড এসএমএস, ভয়েস এবং ডেটা দেয়, সেই মেয়াদের সঙ্গে সামঞ্জস্য রেখে শুধু ভয়েস ও মেসেজ প্ল্যানও রাখতে হবে। ৩০ দিনের পাশাপাশি ৩০ দিনের কম মেয়াদের সংশ্লিষ্ট প্ল্যানের ক্ষেত্রেও এই ব্যবস্থা প্রযোজ্য হবে। ফলে শুধুমাত্র কল বা SMS-এর জন্য মোবাইল ব্যবহার করা গ্রাহকদের অপ্রয়োজনীয় ডেটার জন্য টাকা খরচ করতে হবে না।
কী বললেন রাঘব চাড্ডা?
নতুন নিয়মকে স্বাগত জানিয়ে রাঘব চাড্ডা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রিপেড মোবাইল ব্যবহারকারীদের জন্য এটি ‘গুড নিউজ’। তাঁর বক্তব্য, ৩০ দিনের রিচার্জ চালু হলে বছরে ১৩টি মাসিক রিচার্জের পরিবর্তে ১২টি রিচার্জ করলেই হবে। পাশাপাশি ডেটা প্রয়োজন নেই এমন গ্রাহকদের জন্য ভয়েস ও SMS-only প্ল্যানও পাওয়া যাবে। চাড্ডার দাবি, গ্রাহকদের সমস্যার কথা মাথায় রেখেই তিনি এই বিষয়টি সংসদে উত্থাপন করেছিলেন।
TRAI-এর নতুন নিয়ম
TRAI ২২ সেপ্টেম্বর ২০২৬-এ Telecom Consumers Protection (Thirteenth Amendment) Regulations, 2026 বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন সংশোধনের মাধ্যমে voice-and-SMS-only STV-এর পরিধি বাড়ানো হয়েছে। ২০২৬ সালের এপ্রিলে এই সংশোধনের খসড়া প্রকাশ করেছিল ট্রাই। নিয়ম তৈরির আগে সংশ্লিষ্ট পক্ষগুলির মতামতও নেওয়া হয়েছিল; সেই পরামর্শ প্রক্রিয়ায় ১,১৩২টি মতামত জমা পড়ে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শীঘ্রই এই নিয়ম কার্যকর হবে বলে সূত্রের খবর।
নতুন নিয়মের লক্ষ্য হলো গ্রাহকদের ব্যবহারের ধরন অনুযায়ী আরও বেশি বিকল্প দেওয়া। অর্থাৎ যাঁর ডেটা দরকার, তিনি bundled plan নিতে পারবেন; আর যাঁর মূল প্রয়োজন ফোন ও SMS, তিনি সেই অনুযায়ী আলাদা প্যাক বেছে নেওয়ার সুযোগ পাবেন। তবে এই নিয়মের ফলে প্রত্যেক গ্রাহকের মোট মাসিক খরচ কতটা কমবে, তা নির্ভর করবে টেলিকম সংস্থাগুলির নির্দিষ্ট ট্যারিফ এবং নতুন প্ল্যানের দামের উপর।