ওডিশায় পাঠাতে হতো মা-বাবাকে, আশঙ্কা মুখ্যমন্ত্রীর
এই সময়: মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাংলার মসনদে বসলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী হতো?
এর জবাবে বিজেপির তরফে নানা সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে বিধানসভা ভোটের আগে ও পরে। সব থেকে প্রচারিত তত্ত্বটি হলো, ‘এ বার তৃণমূল ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যেত!’ সেই ‘পশ্চিম বাংলাদেশে’ হিন্দু বাঙালিদের দশা কী হতো, শনিবার সেটাই নিজের পারিবারিক জীবনের উদাহরণ দিয়ে বোঝালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরির প্রেক্ষাগৃহে ‘রাম–শারদ কোঠারি প্রতিভা সম্মান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জানান, ফের তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় এলে বৃদ্ধ বাবা–মাকে পার্শ্ববর্তী বিজেপি শাসিত ওডিশায় পাঠানোর পরিকল্পনা করেছিলেন তিনি! শুভেন্দুর কথায়, ‘আমার বাবার বয়স ৯০ বছর। মায়ের ৮০–র বেশি। ওঁদের ওডিশা পাঠানোর কথা ভেবেছিলাম। পশ্চিমবঙ্গে এ রকমই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল।’