কলেজের অনুষ্ঠানে আচমকাই ভেঙে পড়ল দেওয়াল, ব্রেন ডেড ১৬ বছরের ছাত্র, আহত ৫
কলেজের অনুষ্ঠানে উপচে পড়েছিল ভিড়। তার মধ্যেই আচমকা ভেঙে পড়ল একটি সাপোর্টিং দেওয়াল। দুর্ঘটনায় গুরুতর আহত হয় ছয় ছাত্র। তাঁদের মধ্যে ১৬ বছরের এক ছাত্রকে পরে ব্রেন ডেড ঘোষণা করা হয়েছে। আহত আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ম্যাঙ্গালুরুর রামা লক্ষ্মীনারায়ণ কনভেনশন হলে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলেজের স্টুডেন্ট ইউনিয়নের পদাধিকারীদের শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ওই কনভেনশন হলে জমায়েত করেছিলেন বহু পড়ুয়া। ভিড় বাড়তে থাকায় কয়েক জন ছাত্র করিডরে দাঁড়িয়ে পড়েন। তাঁদের কয়েক জন একটি সাপোর্টিং দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। আচমকাই দেওয়ালটি ভেঙে পড়ে। দেওয়ালের সঙ্গে ছাত্ররাও নীচে পড়ে গিয়ে গুরুতর আহত হন বলে জানিয়েছেন ম্যাঙ্গালুরু সিটি পুলিশের কমিশনার সুধীর কুমার রেড্ডি।
দুর্ঘটনার পরে দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ১৬ বছরের ওই ছাত্রের মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিৎসার পরেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত তাঁকে ব্রেন ডেড ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকি পাঁচ আহত ছাত্রেরও চিকিৎসা চলছে।
ঘটনার পর থেকেই অনুষ্ঠানস্থলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যক্ষদর্শী এক ছাত্রের দাবি, অনুষ্ঠান চলাকালীন বারান্দায় ব্যাপক ভিড় ছিল। তাঁর কথায়, বিল্ডিংটি পুরোনো এবং সেটির রক্ষণাবেক্ষণ নিয়েও উদ্বেগ ছিল। তবে দেওয়ালটি ঠিক কী কারণে ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের চাপেই দেওয়ালটি ভেঙে পড়েছিল কি না, নাকি ভবনের কাঠামোগত কোনও সমস্যা ছিল—দুই দিকই খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্ঠানের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ভবনের পরিস্থিতি ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা পরীক্ষা করা হচ্ছে।