Mamata Banerjee INDIA Alliance: সিপিআইএম-কংগ্রেসের সঙ্গে কথা বলার পরই দিল্লি যাচ্ছেন মমতা-অভিষেক, INDIA জোটের বাইরে কারা থাকবে? | Mamata Banerjee, Abhishek Banerjee May Visit Delhi on 4th October to Join INDIA Alliance Meeting over Gyanesh Kumar Issue
দিল্লি যেতে পারেন মমতা-অভিষেক।Image Credit: PTI
কলকাতা: আবার শক্তিশালী হচ্ছে ইন্ডিয়া জোট? জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে ফের একবার একজোট হচ্ছে ছন্নছাড়া বিরোধী জোট। ইতিমধ্যেই সিপিআইএমের সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোনে কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে যেতে পারেন মমতা। সঙ্গে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এমনটাই সূত্রের খবর।
সূত্র মারফত জানা গিয়েছে, আগামী ৪ অক্টোবর দিল্লিতে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে জোট দেওয়ার জন্যই এই দিল্লি সফর। বৈঠকে যোগ দেবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ইন্ডিয়া জোটের বৈঠকের বিষয়বস্তু কী হবে?
এসআইআর বিতর্কের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চাইছে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ও ফেসবুক লাইভে এসে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করেছেন। জানা গিয়েছে, জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে ফের একবার লোকসভায় স্পিকারের কাছে নোটিস পাঠাবে বিরোধীরা। এই বিতর্কে বিরোধী দলগুলির অবস্থান কী হবে, তাদের স্ট্র্যাটেজি কী-তা ঠিক করতেই ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। আগামী সপ্তাহেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা।
যা শোনা যাচ্ছে, শুধুমাত্র ইন্ডিয়া জোটের শরিকরাই নয়, জোটে নেই কিন্তু বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও একত্রিত হতে পারে। অক্টোবরের শুরুতে এই বৈঠক হবেন। সেই বৈঠকে যোগ দিতেই ৪ অক্টোবর দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিন কয়েক আগেই সিপিআইএমের সাধারণ সম্পাদক এমএ বেবি প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন এবং তারপরে তাদের মধ্যে ফোনে কথা হয়। আগামী সপ্তাহে ইন্ডিয়া জোট এবং তার বাইরে থাকা শক্তিগুলোকে নিয়ে বৈঠক হবে।
বৈঠকের চূড়ান্ত দিনক্ষণ স্থির হয়নি। তবে এই বৈঠকে কংগ্রেস উপস্থিত থাকবে।