বিনামূল্যে বিনোদন, না কি বিনামূল্যে ফ্রড?
‘নাইট প্লে’ (Night Play), ‘রিলুপ’ (Reloop), ‘কিস’ (Kyss), ‘ভিমো’ (Vimo), ‘রিভো’ (Rivo), ‘নেক্সো’ (Nexo) কিংবা ‘ভিক্সা’ (Vixa) — এগুলির নাম শুনেছেন। হয়তো অনেকেই এই নামগুলির সঙ্গে পরিচিত। আপনি হয়তো কোনও সোশ্যাল মিডিয়া অ্যাপে চ্যাট করছেন, অথবা অনলাইনে কোনও গেম খেলছেন। তখন হঠাৎ করে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্টফোনের স্ক্রিনে এ রকম কোনও নামের পপ–আপ ভেসে উঠল। তাতে লেখা ‘দেখুন ফ্রি কনটেন্ট’। আবার কখনও কোনও অনলাইন গেম খেলার সময়ে আপনি বাড়তি পয়েন্ট ‘আর্ন’ করেছেন বলে দেখানো হলো। তারপরেই আপনার স্ক্রিনে এ রকম একটি অ্যাড ভেসে উঠল। আপনি ওই গেমের যে বাড়তি পয়েন্ট ‘আর্ন’ করেছিলেন, সেই লিঙ্কটিতে ক্লিক করার বদলে হয়তো এই পপ আপে ক্লিক করে বসলেন। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো এই ধরনের আকর্ষণীয় নামের পিছনে যে বড় জালিয়াতির ফাঁদ লুকিয়ে আছে, তা কি আপনি জানেন?