মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপরতা, রেল মানচিত্রে জুড়ছে শীতলখুচি–সিতাই - 24 Ghanta Bangla News
Home

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপরতা, রেল মানচিত্রে জুড়ছে শীতলখুচি–সিতাই

Spread the love

বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কোচবিহারে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি চাইছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কোচবিহার সফরে এসে সড়ক, রেল–সহ যাবতীয় পরিবহণ ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি করার বিষয়ের উপরে জোর দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কোচবিহার রবীন্দ্র ভবনের মঙ্গলবারের বৈঠকে শুভেন্দু জেলার কোথায় এখনও রেলপথ নেই, তা জানতে চেয়েছিলেন। তারপরেই শীতলখুচির বিজেপি বিধায়ক সাবিত্রী বর্মন এবং সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় তাঁদের এলাকার যোগাযোগের অপ্রতুলতার কথা জানান। এরপরই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দেন, সংশ্লিষ্ট এলাকায় রেলপথ নির্মাণে প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করতে হবে। পাশাপাশি রেলের আলিপুরদুয়ার ডিভিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেন তিনি। এ ক্ষেত্রে রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে বলেও জানান। এ প্রসঙ্গে সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায় বলেন, ‘রেলপথের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সিতাইতে এখনও রেল যোগাযোগ গড়ে ওঠেনি। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে আগামীতে সিতাইয়ের বহু মানুষ উপকৃত হবেন।’ শীতলখুচির বিধায়ক সাবিত্রী বর্মন বলছেন, ‘মাথাভাঙা রেল স্টেশন থেকে শীতলখুচি হয়ে সিতাই পর্যন্ত রেলপথ নিয়ে যাওয়ার দাবি দীর্ঘদিনের। এর আগেও রেলকে এই বিষয়ে জানানো হয়েছিল। মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে বৈঠকে বিষয়টি বলা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *