টানা বৃষ্টিতে বেড়েছে আনাজের দাম, চিন্তায় মৃৎশিল্পীরাও
এই সময়, ঝাড়গ্রাম: গ্রামের মাঠে কাজ করছিলেন অনেকে। কেউ আবার কোনও কাজে বেরিয়েছিলেন। হঠাৎ আকাশে মেঘ। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিমেষে টর্নেডোর আকার নেয় তা। অনেকেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। তবে বেশিক্ষণ তা ছিল না। বৃহস্পতিবার এমন দৃশ্য দেখা যায় সাঁকরাইলের চুনপাড়া, প্রতাপপুর ও টুঙ্গাধোয়ায়। এমনিতেই দিন কয়েক ধরে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের বৃষ্টির জেরে নাজেহাল এলাকার মানুষ। দুর্গাপুজোর আগে এমন বৃষ্টি হওয়ায় সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। মার খাচ্ছে জামা–কাপড়ের ব্যবসাও। এ দিকে, আনাজের দামও তুঙ্গে। আমদানি কম হওয়ায় আনাজের দাম বেড়েই চলেছে বলে আনাজ ব্যবসায়ীদের দাবি।