কৃত্রিম বুদ্ধিমত্তা অবোধ্য, অবধ্য, না অবাধ্য?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরে কম্পিউটার আর্কিটেকচারের এই বিষয়গুলি নিয়ে গবেষণা জমে ওঠে। অ্যালান টুরিং কিংবা ভন নয়ম্যান সেই সময় তাত্ত্বিক আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেন যে এমনটা ঘটা সম্ভব। একটা উদাহরণ দিয়ে বিষয়টি আর একটু পরিষ্কার করা যাক। কম্পিউটার আর্কিটেকচার-এর মৌলিক ধারণা হলো, মেমোরিতে রাখা বিষয়বস্তু সব সময় শুধু ডেটা হিসেবে ব্যবহৃত হয় না। প্রয়োজন অনুযায়ী একই মেমোরির বিষয়বস্তু কখনও ডেটা, কখনও বা আবার ইন্সট্রাকশন। ধরা যাক, সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) হলো মগজ, আর মেমোরি হলো একটি খাতা। সেই খাতায় লেখা আছে ‘৫ + ৩’। মস্তিষ্কে সেই নির্দেশটি এল, যোগ করে ৮ পেলাম এবং ফলটি খাতায় লিখে রাখলাম। কিন্তু মজার ব্যাপার হলো, খাতায় লেখা ‘৫ + ৩’ শুধু দু’টি সংখ্যা নয়, সেখানে ‘যোগ করতে হবে’— এই নির্দেশটিও আছে। অর্থাৎ একই মেমোরিতে কখনও যে সংখ্যাগুলি নিয়ে কাজ করা হচ্ছে, সেগুলি ডেটা, আবার কখনও সেই ডেটা-কে কী ভাবে ব্যবহার করতে হবে, সেই নির্দেশটি ইন্সট্রাকশন। এখানে যোগ করার নির্দেশটিও ডেটা-র মতোই মেমোরিতে লেখা থাকবে। অর্থাৎ ক্ল্যাসিকাল কম্পিউটারে মেমোরির এই তথ্য এবং নির্দেশাবলী— দুই ধরনের বিষয়ই শেষ পর্যন্ত ০ এবং ১-এর বাইনারিতে সংরক্ষিত হয়। ফলে মেমোরির কোনও নির্দিষ্ট অংশে থাকা বাইনারি প্যাটার্নকে কম্পিউটার কখনও ডেটা হিসেবে ব্যাখ্যা করে, কখনও বা ইন্সট্রাকশন হিসেবে।
এর উপর ভিত্তি করেই আগে সফটওয়্যার-এর মাধ্যমে কম্পিউটারকে যা করতে বলা হতো, সে অক্ষরে অক্ষরে সেই কাজটাই করত। আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষে বিষয়টা বদলে গেছে। বিশেষ করে যে ধরনের সফটওয়্যারকে এখন বলা হচ্ছে ইন্টেলিজেন্ট বা এআই এজেন্ট, তাদের শুধু নির্দেশমতো কাজ করতে বলা হয় না। তাদের একটি লক্ষ্য দেওয়া হয় এবং সেই লক্ষ্য পূরণের জন্য একাধিক ধাপে কী কী করতে হবে, সেখানে কিছুটা স্বাধীনতাও থাকে। প্রথমে একটি তথ্য সংগ্রহ করা, তার ভিত্তিতে পরের কাজটি ঠিক করা, সেই কাজ থেকে নতুন তথ্য পাওয়া, সেই তথ্য আবার বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ করা— এই ভাবে একটির পর আর একটি কাজের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে। অর্থাৎ প্রোগ্রামটি শুধু ডেটা নিয়ে কাজ করছে না। কোন ডেটা প্রয়োজন, কোথা থেকে সেটি সংগ্রহ করতে হবে, পরের ধাপে কী কাজ করা দরকার— সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রোগ্রামের ভূমিকা তৈরি হচ্ছে। এই যে পরের ধাপের কাজ নিজে ঠিক করার ক্ষেত্রে কিছু পরিকল্পনা— এর সবটা নির্দিষ্ট নয়, বরং এর মধ্যে যদৃচ্ছ কাজ করার সুযোগও আছে, যা ইংরিজিতে ‘র্যান্ডম’ শব্দটির সঙ্গে জড়িত।