ক্যাটালিনা চ্যানেল জয়, মেদিনীপুরের আফরিনের মুকুটে জুড়ল আরও এক সাফল্যের পালক
আফরিনের বাবা পিয়ার আলি জানিয়েছেন, পুরো পথেই প্রবল প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে আফরিনকে। রাতের অন্ধকারে সাঁতার কাটার সময়ে একের পর এক বড় ঢেউ আছড়ে পড়ছিল। কখনও ঢেউয়ের ধাক্কায় আফরিন অনেকটা পিছিয়ে যাচ্ছিলেন, আবার কখনও সাঁতার কাটার নির্দিষ্ট লাইন থেকে সরে যাচ্ছিলেন তিনি। একসময় ঢেউয়ের আছাড়ে প্রায় ৫০–৬০ ফুট দূরেও চলে গিয়েছিলেন আফরিন। তবুও হার মানেননি তিনি।
তবে শুধু ঢেউয়ের ধাক্কা নয়, আফরিন যখন সাঁতার কাটছিলেন, তখন তাঁর সঙ্গে থাকা বোটের সদস্য ও কর্মকর্তারা হঠাৎ দেখতে পান ব্লু হোয়েল। এ ছাড়াও মাঝ সমুদ্রে তাঁদের নজরে পড়েছিল সি লায়ন এবং ছোট ও মাঝারি আকারের তিমিও। কিন্তু আফরিনের লক্ষ্য এতটাই স্থির ছিল যে সাঁতার শেষে তিনি জানিয়েছেন, সেই সময়ে তাঁর চোখে এই প্রাণীগুলি নজরেই আসেনি। তবে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিল জেলিফিশ। জেলিফিশের সংস্পর্শে আসার কারণে সাঁতারের সময়ে বেশ কিছুটা সমস্যার মুখে পড়তে হয় আফরিনকে।
বাবা পিয়ার আলি আরও বলেন, ‘প্রচণ্ড ঢেউ এবং বিপরীত স্রোতের কারণে পুরো যাত্রাপথই অত্যন্ত কঠিন ছিল। একটা সময় মনে হয়েছিল আফরিন হয়তো এই পথ পুরোটা অতিক্রম করতে পারবে না। ঢেউয়ের কারণে কখনও কখনও ও আমাদের চোখের আড়ালেও চলে যাচ্ছিল। কিন্তু সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত ও ক্যাটালিনা চ্যানেল অতিক্রম করতে পেরেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের।’