‘খাম’ কেন অন্যকে? কোর্টে আইএসএফ, সময় চাইল কমিশন
এই সময়: নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে এতদিন আইএসএফ ‘খাম’ প্রতীকে লড়ছিল। কিন্তু সেই প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইএসএফ হাইকোর্টে গিয়েছে।
বুধবার মামলার শুনানিতে আইএসএফের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, একই নির্বাচনে আইএসএফকে ব্যবহার করতে দেওয়া প্রতীক কী ভাবে অন্য একটি দলকে দেওয়া যায়, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর দাবি, খাম প্রতীকটি আইএসএফের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়ে গিয়েছে এবং তা নিয়ে ওই দল প্রচারও শুরু করেছে।
যদিও নির্বাচন কমিশনের বক্তব্য, আইএসএফ স্বীকৃত রাজনৈতিক দল নয়, তাই তাদের কোনও সংরক্ষিত প্রতীক নেই। ‘খাম’ প্রতীকটি আইএসএফ–কে সাময়িক ভাবে দেওয়া হয়েছিল। নন্দীগ্রাম উপনির্বাচনে আইএসএফের প্রতীক আলমারি।
আইএসএফের দাবি, খাম প্রতীক কোনও পক্ষকেই না–দিয়ে অন্য প্রতীক বরাদ্দ করা হোক। বিষয়টি নিয়ে কমিশন সবিস্তার জবাব দেওয়ার জন্য এ দিন সময় চায়, তাদের সময় দিয়েছে হাইকোর্ট। আজ, বৃহস্পতিবার মামলাটির ফের শুনানি হওয়ার কথা।