PM Narendra Modi: ‘সেবা যাত্রা’য় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী মোদী, শুনবেন ভাদনগর থেকে বারাণসী যাত্রার কথা | PM Narendra Modi: PM to Interact with Seva Yatra Participants, Hear About Their Journey from Vadnagar to Varanasi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও প্রশাসনিক পদে তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে ‘সেবা সংকল্প যাত্রা’। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আন্তঃরাজ্য বাইক যাত্রা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। আগামীকাল, ২৪ সেপ্টেম্বর ‘সেবা যাত্রা’য় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
জানা গিয়েছে, আগামীকাল সকাল ৯টায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী এই সেবা যাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলবেন। তাঁদের অভিজ্ঞতা শুনবেন এবং এই যাত্রার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন।
কী এই সেবা যাত্রা?
প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন ও প্রশাসনিক পদে তাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিজেপির তরফে শুরু করা হয়েছে ‘সেবা সংকল্প যাত্রা’। ‘সেবা যাত্রা’র অংশ হিসেবে মোট ১০টি দলে ভাগ হয়ে বাইক যাত্রা করছেন অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রী মোদীর জন্মস্থান গুজরাটের ভাদনগর থেকে তাঁর লোকসভা কেন্দ্র উত্তর প্রদেশের বারাণসী পর্যন্ত এই যাত্রার আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫,৫০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন অংশগ্রহণকারীরা।
তবে এই কর্মসূচি শুধুমাত্র বাইকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যাত্রা নয়। গত ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই যাত্রায় বিভিন্ন শহর, জেলা, তালুকা এবং গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ‘সেবা’র বার্তা।
এই যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগের পাশাপাশি যুবসমাজের অংশগ্রহণ, সামাজিক কল্যাণ, সাংস্কৃতিক সংযোগ এবং সমাজকে একত্রিত করার মতো বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে স্থানীয় স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ‘সেবা’-র ভাবনাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই যাত্রার অন্যতম লক্ষ্য।