নিম্নচাপের ভ্রূকুটি, দুর্বল সমুদ্রবাঁধ নিয়ে চিন্তায় উপকূলবাসী
এই সময়, দিঘা: টানা প্রাকৃতিক দুর্যোগ। জুন মাস থেকে একের পর এক নিম্নচাপ ও অতিবৃষ্টির জেরে বিপর্যস্ত উপকূলের জনজীবন। সেই আবহে দুর্বল সমুদ্রবাঁধ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে পূর্ব মেদিনীপুরের উপকূলবাসীর।
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর রাজ্যের দুই উপকূলবর্তী জেলা। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে খেজুরি পর্যন্ত সমুদ্রোপকূলের দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার। এক সময়ে দীর্ঘ এই উপকূল জুড়ে বালিয়াড়ি ও ম্যানগ্রোভ বলয় দেখা গেলেও এখন তা প্রায় অদৃশ্য। যা প্রাকৃতিক দুর্যোগে ঢালের মতো উপকূলকে রক্ষা করতো। কিন্তু বালিয়াড়ি ও স্বাভাবিক বনাঞ্চল কেটে একের পর নির্মাণ হলেও তৈরি হয়নি নতুন সমুদ্রবাঁধ। বর্তমানে দীর্ঘ উপকূল জুড়ে সমুদ্রবাঁধের অস্তিত্ব নেই বললে চলে। যদিও সমুদ্র ভাঙন ও জলোচ্ছ্বাস আটকানোর জন্য দিঘা, তাজপুর–শঙ্করপুর এলাকায় ব্ল্যাক স্টোন ও কংক্রিটের বাঁধ তৈরি হলেও উপকূলের বাকি অংশে নতুন করে সমুদ্রবাঁধ তৈরির উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যতটুকু সমুদ্রবাঁধের অস্তিত্ব রয়েছে, তা খুব দুর্বল। বড় ধরমের জলোচ্ছ্বাস আটকানোর ক্ষমতা নেই তার। ফলে বড় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কায় উপকূলের মানুষজন।